Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 16 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রধারী সবাইকে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

বুধবার সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এখন দেশে করজাল সীমিত। এর ব্যাপ্তি বাড়াতে যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা আয়কর রিটার্ন পেশ করবে। যাদের টিআইএন আছে তারা করপোরেশন হিসেবে ট্যাক্স দেবে—প্রস্তাব দিচ্ছি।

প্রস্তাবিত বাজেটকে সাহসী বাজেট আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কভিড মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী উচ্চমূল্যস্ফীতি ও মন্দা পরিস্থিতির মধ্যেও ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এ বাজেট কভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকায় প্রত্যাবর্তনে সহায়ক হবে।

প্রস্তাবিত বাজেটকে মধ্যবিত্তের বাজেট আখ্যা দিয়ে সরকারি দলের সংসদ সদস্য শামসুল হক বলেন, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ এখন স্বাবলম্বী। বাংলাদেশ কীভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তা এখন বিশ্বনেতাদের কাছে বিস্ময়। এ জাদু আর কিছু নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ভালোবাসেন, দেশের মাটি-মানুষকে ভালোবাসেন।

সরকারি দলের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, কভিড ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যে চ্যালেঞ্জ তা মাথায় রেখে জনগণের কথা ভেবে বাস্তবভিত্তিক ও গণমুখী বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে মুর্শেদী বলেন, হারুন ও রুমিন যখন সংসদে কথা বলেন তারা একটি কাগজের কথা বলেন, তারা প্রথম আলোর কথা বলেন। মনে হয় যেন বাংলাদেশে একটিই কাগজ আছে আর কোনো কাগজ নেই।

সরকারি দলের আরেক সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর রেমিট্যান্সে প্রণোদনা আরো বাড়ানো, খাদ্যঘাটতি ও মূল্যস্ফীতি যাতে বেশি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দেন।

আলোচনায় আরো অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের আবু জাহির, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আব্দুল মোমিন মণ্ডল প্রমুখ।

বিনিয়োগবার্তা/ডিএফই//