
নিজস্ব প্রতিবেদক: বন্যা দুর্গত এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করবে বলে জানিয়েছে জাতিসংঘের সহযোগি সংস্থা ইউনিসেফ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমানের সাথে রবিবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Sheldon এর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ সহযোগিতার আশ্বাস দেন।
ইউনিসেফ প্রতিনিধিরা জানান, বন্যা দুর্গত এলাকায় ইউনিসেফ এর পক্ষ থেকে বিশুদ্ধ পানির বোতল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং শুকনো খাবার সরবরাহ করা হবে। এছাড়াও নোয়াখালী জেলার ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়ে তারা কাজ করবেন।
সাক্ষাতকালে সিলেট বিভাগসহ সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষজনের নিকট শুকনো ও রান্না করা খাদ্য সামগ্রী সরবরাহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, উজান থেকে নেমে আসা পানি ও বন্যায় দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলে এ পর্যন্ত ১২ জেলার ৬৪ উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১২২ বছরের রেকর্ড ভেঙেছে এবারের বন্যা ও পাহাড়ি ঢল। তিনি বলেন, এবারের বন্যায় সিলেটের ৬০ শতাংশ প্লাবিত হয়েছে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ। সুনামগঞ্জের ৮০-৯০% পানিতে ডু্বে গেছে।
মন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী, কোস্টগার্ড,নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি,বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সসহ স্থানীয় প্রশাসন একসঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করছে। তিনি বলেন, বন্যা দুর্গত এলাকায় শুকনো ও অন্যান্য খাবার ছাড়াও নগদ অর্থ দেওয়া হয়েছে যা দিয়ে স্থানীয়ভাবে চিড়া, মুড়ি,বিস্কুট ইত্যাদি ক্রয় করে সরবরাহ এবং রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে ।
ইউনিসেফ প্রতিনিধি জানান বন্যা দুর্গত এলাকায় ইউনিসেফ এর পক্ষ থেকে বিশুদ্ধ পানির বোতল,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং শুকনো খাবার সরবরাহ করা হবে। এছাড়াও নোয়াখালী জেলার ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়ে তারা কাজ করবেন।
এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক উপস্থিত ছিলেন ।
বিনিয়োগবার্তা/এসএএম//