Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 20 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর বাস্তবায়ন আমাদের সক্ষমতার প্রতীক উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন এ সেতু উদ্বোধনে সরকার কোনো উৎসব নয়, অনুষ্ঠান করছে।

সোমবার (২০ জুন) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দল বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। অন্য দলের নেতারা তো তাদের পাশে দাঁড়াননি, এখানে বসে বসে বাগাড়ম্বর করেন, ভাষণ দেন।

তিনি আরও বলেন, পদ্মা সেতু তো তাদের জন্য একটি যন্ত্রণা। বিএনপি-জামায়াত এবং যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, তাদের জন্য এটি একটি যন্ত্রণার বিষয়। কারণ পদ্মা সেতু হোক তারা চায়নি। তাই এটা হলো একটা জ্বালা, আর উদ্বোধন হলে তো আরও বড় জ্বালা। সে জ্বালা থেকেই এসব কথা বলছে। পদ্মা সেতু উদ্বোধনে সরকার কোনো উৎসব করছে না। উদ্বোধনী অনুষ্ঠান করছে।

হাছান মাহমুদ বলেন, সমগ্র বাংলাদেশের মানুষ আজ উল্লসিত। দেশের মানুষ এটিকে শুধু একটি সেতু হিসেবে নেয়নি। এটি আমাদের সক্ষমতার প্রতীক। এখানে একটি জনসভা হবে আর উদ্বোধনী অনুষ্ঠান হবে। তারা চায় না পদ্মা সেতু উদ্বোধন হোক। তাই এটিকে বানচাল করতে নানা পরিকল্পনা করেছিল, এর অনেকগুলো নস্যাৎ করা হয়েছে আর কিছু কিছু তারা করতে পেরেছে।

বন্যার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের বন্যার পানি এরই মধ্যে মধ্যাঞ্চলে এসেছে। এটি স্বাভাবিকভাবে দক্ষিণাঞ্চলে যাবে। খোদা না করুক, যদি ভবিষ্যতে এ রকম কোনো পরিস্থিতি হয় তাহলে আমাদের সেটা মোকাবিলা করতে পদ্মা সেতু সহায়ক হবে। এজন্যই পদ্মা সেতু উদ্বোধন হওয়া দরকার।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। আবার বলেছিলেন বানালে সেটি জোড়াতালি দিয়ে হবে। এটি তো বিল্ডিংয়ের ছাদ না যে একবারে ঢালাই দিয়ে বানাবে। এটা ধীরে ধীরেই বানাতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, বন্যার ৮-১০ দিন আগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বলেছিলেন, এবার বন্যা হতে পারে। তিনি আবহাওয়া বিশেষজ্ঞ নন, তার সাধারণ জ্ঞান থেকে তিনি এ কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের সবাইকে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন। তিনি সেনাবাহিনীকে কাজে লাগিয়েছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে আমাদের দলের নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন।

বিনিয়োগবার্তা/এসএএম//