Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 21 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, আগামীকাল বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনটি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কোনো নির্দিষ্ট ইস্যুতে নয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন সরকারপ্রধান। সংবাদ সম্মেলনটি বরাবরের মতোই রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। আগামী শনিবার সকালে পদ্মা নদীর ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করবেন শেখ হাসিনা।

এদিকে টানা বৃষ্টি আর প্রবল বর্ষণে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বেশকিছু এলাকায় চলছে বন্যা। বন্যা পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে মঙ্গলবার সিলেটে যাচ্ছেন সরকারপ্রধান। সকালে তিনি বন্যাকবলিত এলাকার উদ্দেশে রওনা হয়েছেন এবং ত্রাণ কার্যক্রমসহ বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মঙ্গলবার সকাল ৮টায় নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যাকবলিত এলাকা হেলিকপ্টারযোগে পরিদর্শনক্রমে সিলেট বিমানবন্দরে অবতরণ এবং নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ঢাকায় প্রত্যাবর্তন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এর আগে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সরকারপ্রধান জানান, সিলেট ও সুনামগঞ্জের বন্যার খবর নিয়মিত রাখছেন তিনি এবং পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রশাসন, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে আমাদের অন্য সব প্রতিষ্ঠানকে আমি মানুষকে উদ্ধার করা, তাদের ত্রাণ দেয়া—সব ব্যবস্থা আমরা নিয়েছি। সেই সঙ্গে আমাদের দলের যারা—আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেক নেতাকর্মী, বিভিন্ন এলাকায় তারাও সহযোগিতা করছেন। খাবার বিতরণ থেকে শুরু করে উদ্ধারকাজে ব্যবস্থা নিচ্ছেন। তাছাড়া স্যালাইনের ব্যবস্থা, পানির ব্যবস্থাসহ অন্যান্য যা দরকার হতে পারে তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি।’

সর্বশেষ জলবায়ু শীর্ষ সম্মেলন, যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের বিস্তারিত জানাতে গত বছরের ১৭ নভেম্বর সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন সফরের বিষয়বস্তুসহ রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দেন তিনি। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া সংবাদ সম্মেলনেও সংবাদকর্মীদের মুখোমুখি হবেন সরকারপ্রধান।

বিনিয়োগবার্তা/ডিএফই//