
নিজস্ব প্রতিবেদক: বুধবার (২২ জুন) থেকে ফের শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। তবে এবার শুধু ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে পণ্য বিক্রি হবে।
মঙ্গলবার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় টিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে। বুধবার থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ৫ জুলাই পর্যন্ত।
তবে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জসহ সংশ্লিষ্ট জেলাগুলোয় ২৬ জুন থেকে বিক্রি শুরু হবে। বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোতে আপাতত স্থগিত থাকবে বিক্রি কার্যক্রম। পরিস্থিতি বিবেচনায় বিক্রির তারিখ পরে জানানো হবে।
এ দফায় একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।
প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা এবং মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হবে বলেও জানায় টিসিবি।
বিনিয়োগবার্তা/এসএএম//