
নিজস্ব প্রতিবেদক: যুব সমাজকে অনলাইন জুয়া হতে বিরত রাখতে ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ ক’রে আইসিটি, বিটিআরসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয় জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে।
একাদশ জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২২তম এই বৈঠক আজ কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য নাজমুল হাসান, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে কক্সবাজার বিকেএসপি’র কার্যক্রম, বাংলাদেশ বিলিয়ার্ডস এন্ড স্নুকার ফেডারেশন এর সার্বিক কার্যক্রম ও একাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় রিপোর্ট মহান জাতীয় সংসদে উত্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ২১তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কক্সবাজার এর কার্যক্রম পরিচালনায় অব্যবস্থাপনা ও অবহেলায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং সংসদীয় কমিটি ঈদুল আযহার পর সুবিধাজনক সময়ে চট্টগ্রামে অবস্থিত বিকেএসপি ও অন্যান্য ক্রীড়া প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ বিলিয়ার্ডস এন্ড স্নুকার ফেডারেশনের পেশকৃত প্রতিবেদনে সংসদীয় কমিটি অসন্তোষ প্রকাশ ক’রে ফেডারেশনের সক্ষমতা আরও বৃদ্ধি ও গতিশীলতা আনয়ন এবং বাংলাদেশ কাষ্টমস কর্তৃক আরোপিত ট্যারিফের যে টেবিল রয়েছে সেখানে ক্যাসিনো সামগ্রীর সাথে বিলিয়ার্ডস টেবিল অন্তর্ভূক্তি পরিবর্তন ক’রে একই টেবিলের অন্য সেকশনে অন্তর্ভূক্ত করার জন্য ত্বরিত ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে সম্প্রতি দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেটে আঘাত হানা বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি জানানো হয় এবং আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে বাঙ্গালি জাতির সম্মান, আত্নমর্যাদা ও সক্ষমতার প্রতীক অর্জনে অবদান রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সংসদীয় কমিটির পক্ষ হতে অভিনন্দন ও সবাইকে ঈদুল আযহার আগাম শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//