
নিজস্ব প্রতিবেদক: ৬ হাজার ৭৫০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৫ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে জানানো হয়, বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চারটি, স্থানীয় সরকার বিভাগের চার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিন, রেলপথ মন্ত্রণালয়ের তিন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব ছিল।
ক্রয় কমিটির অনুমোদিত ১৫টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৬ হাজার ৭৫০ কোটি ২৪ লাখ ৯ হাজার ৩০৬ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১ হাজার ১২৯ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ৫০৯ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৬২০ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৭৯৭ টাকা। অনুমোদিত প্রস্তাবগুলো বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে বকশী লঞ্চঘাট হতে বাবুরহাট লঞ্চঘাট পর্যন্ত প্রতিরক্ষা ও ড্রেজিং এবং কুকরী-মুকরী দ্বীপ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের প্যাকেজ নং-১-এর পূর্ত কাজের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ যৌথভাবে ১. এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড; ২. মো. লিয়াকত আলী এবং ৩. তোজওয়ার ট্রেড সিস্টেমস লিমিটেড বাস্তবায়ন করছে। এজন্য ব্যয় ধরা হয় ১৮ কোটি ৯০ লাখ ৩০ হাজার ৪৮ টাকা। চুক্তি অনুসারে পূর্ত কাজ চলমান অবস্থায় কিছু টেন্ডারভুক্ত/টেন্ডারবহির্ভূত আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ৫ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার ৭৩৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
জাতীয় রাজস্ব ভবন নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং-১-এর পূর্ত কাজের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটির পূর্ত কাজ করছে যৌথভাবে ১. তাহের ব্রাদার্স লিমিটেড এবং ২. হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। এজন্য ব্যয় ধরা হয় ৮০ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা। চুক্তি অনুসারে, পূর্ত কাজ চলমান অবস্থায় কিছু টেন্ডারভুক্ত/টেন্ডারবহির্ভূত আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ৫ কোটি ১২ লাখ ৮৬ হাজার ৬৮০ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক কমপ্লেক্স-এ প্যাকেজ নং-২৪ নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মাত্র একটি দরপত্র জমা পড়ে। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে ১. সাজিন কনস্ট্রাকশন লিমিটেড এবং ২. মাইশা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় হবে ২৪ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৮৫২ টাকা।
সভায় ঢাকাস্থ মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ এভিনিউতে (গৃহায়ন কনকচাঁপা) ও সাতমসজিদ রোড (গৃহায়ন দোলনচাঁপা) ৪৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় ভবন নং ১, ২, ৩, ৪ নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে। তার মধ্যে কারিগরিভাবে দুটি রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেড। প্রকল্পে ব্যয় হবে ১২০ কোটি ৩৮ লাখ ২৩ হাজার ৫৭১ টাকা।
ভারতের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি ও চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রড গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউডি-১-এর পূর্ত কাজের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ বাস্তবায়ন করছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। প্রকল্পের ব্যয় ধরা হয় ৬৮ কোটি ৮২ লাখ ৬০ হাজার ২৪০ টাকা। প্রকল্পের পূর্ত কাজ চলমান অবস্থায় কিছু টেন্ডারভুক্ত/টেন্ডারবহির্ভূত আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ৩৩ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৮৮৫ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
খুলনা থেকে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের ভ্যারিয়েশন প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত স্টুপ কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ৩০ মাসের চুক্তির মেয়াদ ২০২০ সালের ১৪ ডিসেম্বর শেষ হয়। বাস্তবতার নিরিখে নির্মাণকাজের চুক্তির মেয়াদ বৃদ্ধি হওয়ায় পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪.৫ মাস বৃদ্ধি করা হয়। এ কারণে মূল চুক্তিমূল্য ৫৮ কোটি ২ লাখ ৩৭ হাজার ৬৯৫ টাকার অতিরিক্ত ভ্যারিয়েশন বাবদ ২৯ কোটি ১ লাখ ১৩ হাজার ৭৭ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
সভায় আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়াল গেজ ডাবল রেললাইন নির্মাণ এবং বিদ্যমান রেললাইনকে ডুয়াল গেজে রূপান্তর প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের ভ্যারিয়েশনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত দোহওয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, কোরিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ৬০ মাসের চুক্তির মেয়াদ ২০২০ সালের ৩১ অক্টোবর শেষ হয়েছে। বাস্তবতার নিরিখে নির্মাণকাজের চুক্তির মেয়াদ বৃদ্ধি হওয়ায় পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি হয়েছে। মূল চুক্তিমূল্য ২৩১ কোটি ৩৭ লাখ ১৪ হাজার ৩৯৩ টাকার অতিরিক্ত ভ্যারিয়েশন বাবদ ৫৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ২১৮ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
পায়রা ১৩২০ মেগাওয়াট (তাপবিদ্যুৎ) কেন্দ্রের সংযোগ সড়ক ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউডি-১ নির্মাণকাজের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্প নির্মাণের পূর্ত কাজ যৌথভাবে ১. এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং ২. আরএবি-আরসি প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৪৯ কোটি ৭১ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকায় ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুসারে, পূর্ত কাজ চলমান অবস্থায় কিছু টেন্ডারভুক্ত/টেন্ডারবহির্ভূত আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ১৬ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৬০১ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল আদায় এবং এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস প্রোভাইডার নিয়োগের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টোল আদায়, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) এবং এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে সার্ভিস প্রোভাইডার নিয়োগের ক্রয় প্রস্তাব ২০২১ সালের ১৯ আগস্টের সিসিইএ সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। পরবর্তী সময়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে। প্রস্তাবটি কারিগরিভাবে রেসপনসিভ হয়। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠানকে পাঁচ বছর মেয়াদে ৭১৭ কোটি ৪ লাখ ৯৯৯ টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল আদায়, আইটিএস এবং এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতুগুলো পুনর্বাসন প্রকল্পের প্যাকেজ নং-পিডব্লিউ-১ নির্মাণকাজের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজের জন্য জাপানের ওএসজেআইয়ের সঙ্গে ৫ হাজার ৯৬৬ কোটি ৮৫ লাখ ৬ হাজার ৯৯১ টাকার চুক্তি হয়। চুক্তি অনুসারে, পূর্ত কাজ চলমান অবস্থায় পূর্ত কাজের কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভ্যারিয়েশন বাবদ ৪৫০ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৪৪৭ টাকা ব্যয় হ্রাস করে ৫ হাজার ৫১৬ কোটি ২০ লাখ ১০ হাজার ৫৪৪ টাকার সংশোধিত ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের ভ্যারিয়েশনসহ ২৫১ কোটি ৯৩ লাখ ১৩ হাজার ৭৮৬ টাকার ক্রয় প্রস্তাব ২০১৮ সালের ২৪ অক্টোবরের সিসিজিপি সভায় অনুমোদিত হয়। প্রকল্পের নির্মাণকাজ বিলম্ব হওয়ায় পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এজন্য অতিরিক্ত ব্যয় হবে ৩৭ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৪১৮ টাকা।
উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ডিটেইলড ডিজাইন সার্ভিসেস পরামর্শক প্রতিষ্ঠানের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে স্পেন ও বাংলাদেশের একটি যৌথ প্রতিষ্ঠানকে ৩১ কোটি ১০ লাখ টাকায় নিয়োগ দেয়া হয়। চুক্তি অনুসারে পরামর্শক প্রতিষ্ঠানের কাজ চলমানকালে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় পরামর্শক প্রতিষ্ঠানকে ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৫৮ লাখ ১৯ হাজার ৯৩০ টাকা পরিশোধের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট কনসালট্যান্টস সার্ভিসেস পরামর্শক কাজের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে ১. ইপটিসা সার্ভিসিওস ডি ইন্টিজিনিরিয়া এসএল স্পেন, ২. কেএস কনসালট্যান্টস লিমিটেড বাংলাদেশ এবং ৩. বিসিএল, অ্যাসোসিয়েটস, বাংলাদেশকে ৩৩ কোটি ১৯ লাখ ১১ হাজার ৩৭৫ টাকায় নিয়োগের চুক্তি করা হয়। চুক্তি অনুসারে পরামর্শক প্রতিষ্ঠানের কাজ চলমানকালে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২২ সালের ৩১ মে পর্যন্ত বৃদ্ধির জন্য ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ১৯৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সুপারভিশন কনসালট্যান্টস সার্ভিসেস পরামর্শক কাজের ভ্যারিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। চুক্তিতে মূল ব্যয় ছিল ৩৩ কোটি ১০ লাখ ৪১ হাজার ৪৭১ টাকা। চুক্তি অনুসারে, পরামর্শক প্রতিষ্ঠানের কাজ চলমানকালে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ৪ কোটি ৯১ লাখ ৭৩ হাজার ৩৫ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ জেলায় মেঘনা নদীর ওপর এক হাজার মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউ-৯১-এর আওতায় মেঘনা নদীর ওপর এক হাজার মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ বাস্তবায়নে মেসার্স তমা কনস্ট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। এজন্য ব্যয় হবে ১৭৭ কোটি ২৩ লাখ ৫১ হাজার ১০৮ টাকা।
বিনিয়োগবার্তা/ডিএফই//