Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২২-২৩ প্রস্তাবিত বাজেটে শিশুদের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছেন সচেতন নাগরিকরা।

সোমবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জাতীয় বাজেটে শিশুর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ জরুরি বিষয়ক এক আলোচনায় এ সুপারিশ করেন বক্তারা।

চিলড্রেন অ্যাফেয়ার্স জার্নালিস্ট নেটওয়ার্ক (সিএজেএন) ও আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে এ বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শবনম জাহান শিলা, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মোস্তফা কামাল মল্লিক।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়ন বিভাগের অধ্যাপক আবু ইউসুফ। এসময় তিনি শিশুদের অধিকারের ক্ষেত্রগুলোর বিশেষ করে খেলাধুলা ও বিনোদন, কিশোর-কিশোরিদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার না থাকা, স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বল্পতা, সাধারণ স্বাস্থ্যসেবা অপ্রতুলতা বাজেটে পর্যাপ্ত আর্থিক বরাদ্দ না থাকা, বায়ু দূষণজনিত কারণে শিশু ও বৃদ্ধদের মৃত্যুহার বেরে যাওয়া, প্রাণিজগতের বিলুপ্তি প্রতিরোধে সরকারের পর্যাপ্ত বার্ষিক বাজেটে বরাদ্দ না থাকা, শিশুদের বিনোদন এবং খেলার মাঠ না থাকা, বাজেটে স্বপ্নের পার্ক তৈরিতে বরাদ্দ না থাকা ইত্যাদি তথ্যচিত্র তুলে ধরেন।

এসময় ২০২২-২৩ এবং ২০২১-২২ বাজেটের ওপর তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরে শিশু অধিকারের যে যে ক্ষেত্রগুলো বাজেট বরাদ্দ তুলনামূলকভাবে কম সুপারিশসহ সেসব ক্ষেত্রগুলোতে বাজেট বরাদ্দ বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, আমাদের সরকার শিশু বাজেট তৈরি শুরু করেছিল। আমি অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরবো। সেইসঙ্গে তিনি বলেন, শিশুদের সার্বিক কল্যাণে অবশ্যই পৃথক বাজেট ঘোষণা করা উচিৎ।

সিএজেএন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডিরেক্টর অপারেশন্স সাগর মারান্ড বলেন, শিশুদের জন্য পৃথক বার্ষিক বাজেট ঘোষণা করলেই কেবল আমরা সবাই বুঝতে পারবো সরকার শিশুদের উন্নয়ন, সুরক্ষা ও বিকাশে কী পরিমাণ বাজেটে বরাদ্দ দিয়ে থাকে।

অনুষ্ঠানে সিএজিএনের সভাপতি মাহফুজা জেসমিনের উপস্থাপনায় আরও বক্তব্য দেন মঞ্জু মারিয়া পালমা, ডেপুটি ডিরেক্টর-ফিল্ড প্রোগ্রাম অপারেশন্স-আরবান অ্যান্ড ব্রুরাল ক্লাস্টার, আরবান টেকনিক্যাল ম্যানেজার যোয়ানা ডি'রোজারিও।

বিনিয়োগবার্তা/এসএএম//