
নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) রজত জয়ন্তী- ২০২২ উদযাপন করেছে।
রোববার (০৩ জুলাই ২০২২) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আইসিএসবি তার প্রতিষ্ঠার রজত জয়ন্তী উদযাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম খালিদ, এমপি, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
প্রধান অতিথি কে এম খালিদ এই মাইলফলক অর্জনের জন্য ইনস্টিটিউটের সদস্যদের অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বব্যাপী কর্পোরেট সেক্টরে দুর্দান্ত গতিতে অগ্রসর হচ্ছে। আইসিএসবি বাংলাদেশের চার্টার্ড সেক্রেটারিদের পেশার উন্নয়ন, প্রচার ও নিয়ন্ত্রণে কার্যকর এবং অর্থবহ ভূমিকা পালন করছে। তিনি আইসিএসবি-এর প্রতিষ্ঠাতা সদস্যদের তাদের দূরদর্শী চিন্তাভাবনা এবং এমন একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আইসিএসবি-এর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের তালিকাভুক্ত কোম্পানিগুলিতে কর্পোরেট গভর্ন্যান্স নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সরকারের অঙ্গীকারের উপর জোর দেন। তিনি কর্পোরেট সেক্টরে দক্ষ জনবল তৈরিতে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সকল প্রতিষ্ঠাতা সদস্য- মোজাফফর আহমেদ এফসিএস, মরহুম এম এস আলম মিয়া এফসিএস (প্রতিনিধি), এ কে এ মুক্তাদির এফসিএস, মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস, মোঃ জাহাঙ্গীর আলম এফসিএস, মোঃ সিদ্দিকুর রহমান এফসিএস, মরহুম মোঃ সাইদুজ্জামান এফসিএস (প্রতিনিধি), মরহুম মো. ইয়ামিন হোসেন এফসিএস (প্রতিনিধি), ইতরাত হুসাইন এফসিএস, সুলতান-উল-আবেদিন মোল্লা এফসিএস, মুহাম্মদ আবুল হাসেম এফসিএস, মরহুম আনোয়ারুল আফজাল এফসিএস (প্রতিনিধি) এবং এন জি চক্রবর্তী এফসিএসকে তাদের অগ্রণী ভূমিকার জন্য প্রধান অতিথি সম্মানিত করেন।
ইন্সটিটিউটের সাবেক প্রেসিডেন্টদের সঠিক নির্দেশনা, সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বে প্রতিষ্ঠানটি আজ একটি সুদৃঢ় অবস্থানে পৌঁছেছে। সাবেক প্রেসিডেন্ট হিসেবে মোজাফফর আহমেদ এফসিএস, মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস, এ কে এ মুক্তাদির এফসিএস এবং ইতরাত হুসাইন এফসিএসকে প্রধান অতিথি সম্মানিত করেন।
অনুষ্ঠানে আইসিএসবির বিগত ২৫ বছরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা তুলে ধরে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এই জমকালো আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, চার্টার্ড সেক্রেটারিবৃন্দ, কোম্পানি সেক্রেটারিবৃন্দ, কর্পোরেট নির্বাহীরা উপস্থিত ছিলেন।
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মোঃ সেলিম রেজা এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, আইসিএসবি, চেয়ারম্যান, মেম্বারস ওয়েলফেয়ার অ্যান্ড রিক্রিয়েশন সাব কমিটির।
বিনিয়োগবার্তা/ডিএফই//