
নিজস্ব প্রতিবেদক: “একজন গৃহকর্মীও নির্যাতিত হবে না”।
সোমবার এ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) কর্তৃক পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আয়োজিত ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যাট হাই রিস্ক (ডিসিএইচআর) প্রকল্পের উদ্যোগে “গৃহকর্মে নিয়োজিত শিশুর অধিকার ও সুরক্ষাঃ আইনের প্রয়োজনীয়তা” শীর্ষক সংলাপে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি মোঃ শামসুল হক টুকু, এমপি প্রধান অতিথি হিসেবে- এ কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুবান্ধব আইন ও নীতিমালার সংশোধন এবং পরিমার্জন করেছেন। জাতির পিতার অসাধারণ প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের অব্যবহিত পরেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। সংবিধানের সকল নাগরিকের সাথে শিশু অধিকার নিশ্চিতের কথাও বলা হয়েছে। বর্তমান শিশুবান্ধব সরকারের নির্বাচনি ইশতেহারেও শিশুদের সার্বিক কল্যাণে করণীয় নির্ধারিত রয়েছে এবং বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক প্রচেষ্টায় সেসব বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং যথাযথ প্রয়োগের মাধ্যমে যে কোন বিষয়ের কাঙ্খিত সমাধান ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি শিশুদেরকে প্রাথমিক শিক্ষার আওতায় এনে গৃহকর্মীদের নৈতিক মূল্যবোধ তৈরীতে ভূমিকা রাখা এবং তাদের শিক্ষার আলোয় আলোকিত করার প্রচেষ্টা গ্রহণ করলে শিশুরা তাদের নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পন্ন হবে।
সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, মোঃ রেজাউল করিম বাবলু এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
সংলাপে বক্তারা বলেন, গৃহকর্মীদের অধিকার নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে বর্তমান সরকারের উদ্যোগে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ প্রণয়ন করা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। ফলে গৃহকর্মীদের উপর প্রতিনিয়ত নির্যাতনের ঘটনা ঘটছে। তাই তাঁরা শিশুদের প্রতি সহিংসতা রোধ ও অধিকার নিশ্চিত করতে নীতিমালার পাশাপাশি শিশু বিষয়ক অধিদপ্তর গঠনের আহবান জানান।
সংলাপে এএসডি’র প্রকল্প পরিচালক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আন্তর্জাতিক ও বেসরকারী বিভিন্ন সংস্থা এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, এএসডি’র নির্বাহী পরিচালক এম এ করিম, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের আব্দুস শহীদ মাহমুদ, ডন ফোরামের মাহবুবুল হক, আইএলও’র সৈয়দা মুনিরা সুলতানা, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল ভদ্র, স্ক্যান-বাংলাদেশের মনিরুজ্জামান মুকুল, এসওএস শিশু পল্লীর নুসরাত জাহান, ফেইথ ইন একশনের নৃপেন বৈদ্য, এডুকোর হালিমা আক্তারসহ অনেকে বক্তব্য রাখেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//