Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 06 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে বুধবার (৬ জুলাই) চলতি বছরের ষষ্ঠতম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে বিক্রি হয়েছে ১ লাখ কেজি চা। একদিনের এ চা নিলামে দুই লাখ কেজি চা বিক্রির জন্য উত্তোলন করা হয়। সিলেটের বন্যা ও ঈদের প্রভাবে এবারের নিলামে ক্রেতা উপস্থিতি কম থাকায় বিক্রি কম হয়েছে।

সকালের বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। নিলামে মৌলভীবাজারের পাঁচটি ব্রোকার্স অংশ নেয়। ব্রোকার্সগুলো হচ্ছে,  শ্রীমঙ্গল ব্রোকার্স হাউজ, জালালাবাদ টি ব্রোকার্স হাউজ, রুপসী বাংলা টি ব্রোকার্স, জি এস ব্রোকার্স, সোনার বাংলা টি ব্রোকার্স।

একইসঙ্গে বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ক্রেতার অংশগ্রহণে দুপুর থেকেই নিলামকেন্দ্র চা বেচা-কেনায় জমে উঠে।
 
বুধবার (৬ জুলাই) নিলামে সর্বোচ্চ দামে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের জিবিওপি চা ২৮৮ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও সর্বনিম্ন দাম ১১০ টাকা কেজিতেও চা বিক্রি হয়েছে।
 
ঈদুল আজহা ও সিলেটের বন্যার কারণে এবারের নিলামে ক্রেতা উপস্থিতি কমে আসায় চল্লিশ শতাংশ চা বিক্রির কথা বলছে টি ব্রোকার্স এর সঙ্গে জড়িতরা।

চা কিনতে আসা ক্রেতারা বলেন, আজকের নিলামের চায়ের গুণগত মান ও দাম ছিল ভালো। এতে বেচা-বিক্রি বেশ ভালো হয়েছে। শ্রীমঙ্গল টি ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল মিয়া বললেন, বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ক্রেতা উপস্থিতি কম থাকায় নিলামে চল্লিশ শতাংশ চা বিক্রি হয়েছে। এ হিসাবে বুধবার (৬ জুলাই) প্রায় এক লাখ কেজি চা বিক্রি হয়েছে।
 
টি প্লান্টার্স ও টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক জহর তরফদার জানান, চা নিলামে আগামীতে ক্রেতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।

বিনিয়োগবার্তা/এসএল//