
নিজস্ব প্রতিবেদক: চীনা রেড ক্রস সোসাইটির (আরসিএসসি) পক্ষ থেকে বাংলাদেশে চীনের দূতাবাস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে (বিডিআরসিএস) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ২ লাখ ডলার দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং দূতাবাসের অভ্যন্তরে বিডিআরসিএস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাবের কাছে অনুদান হস্তান্তর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডিআরসিএস ব্যবস্থাপনা পরিষদের সদস্য এম মনজুরুল ইসলাম ও মহাসচিব কাজী শফিকুল আজম।
হস্তান্তর অনুষ্ঠানে লি জিমিং বলেন, চীন বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী অংশীদার, যা বাংলাদেশের কভিড-১৯ প্রতিক্রিয়া এবং অন্যান্য দুর্যোগে ত্রাণ প্রচেষ্টায় চীনের সহায়তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় আরসিএসসি প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে এবং চীন কীভাবে সার্বক্ষণিক বাংলাদেশের পাশে রয়েছে এটি তার আরেকটি উদাহরণ।
মেজর জেনারেল আব্দুল ওয়াহাব বলেন, লাখ লাখ মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং তাদের আশপাশের প্রায় সব এলাকা প্লাবিত হওয়ায়, তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক দল দুর্যোগপূর্ণ এলাকায় মানুষকে প্রয়োজনীয় শুকনো খাবার, রান্না করা খাবার, নিরাপদ সুপেয় পানি দিয়ে সাহায্য করছে। চীনের রেড ক্রস সোসাইটির এ অনুদান ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে সাহায্য করবে।
বিনিয়োগবার্তা/ডিএফই//