
বিনিয়োগবার্তা ডেস্ক: আর্থিক নিরাপত্তার জন্য বাড়ি, গাড়ি ও সম্পত্তির ওপর বীমা করা নতুন ঘটনা না। সম্প্রতি জানা গেছে, মেটা মালিকানাধীন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ওপরও বীমা করা যাবে। খবর ফোনঅ্যারেনা।
টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, নচ নামে একটি ইসরায়েলের স্টার্টাপ কোম্পানির মাধ্যমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বীমা করা যাবে। এজন্য প্রতি মাসে ৮ ডলার গুনতে হবে ব্যবহারকারীদের।
বর্তমানে অর্থ উপার্জনের অন্যতম অবলম্বন হয়ে উঠেছে অনলাইন। তাই নিজস্ব অ্যাকাউন্টের বিষয়ে সোচ্চার থাকতে হয় ব্যবহারকারীদের। প্রাথমিকভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বীমা পরিষেবা অনলাইন থেকে উপার্জনকারীদের জন্যই চালু করা হয়েছে। তবে বর্তমানে শুধু অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ক্ষেত্রে বীমা সুবিধা ভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হলে ও অ্যাকাউন্টে ব্যবহারকারীর অ্যাকসেস বিকল হয়ে পড়লে বীমা প্রযোজ্য হবে। তবে তথ্যানুযায়ী ভবিষ্যতে অ্যাকাউন্ট সাসপেন্ডের জন্যও অর্থ পাবেন ব্যবহারকারীরা।
ক্ষতিপূরণের ক্ষেত্রে নচ মাসিক অর্থ পরিশোধের পরিমাণ নির্ধারণ করবে। এক্ষেত্রে ব্যবহারকারীর দর্শকরা কোন স্থানের, ফলোয়ার সংখ্যা, অনলাইনের উপস্থিতি, প্রতি মাসে পোস্ট আপলোডের সংখ্যা এবং স্পনসর্ড পোস্ট কয়টি এসব বিবেচনা করা হবে। এসব বিষয় নিয়ে অ্যাকাউন্টের মূল্য নিরূপণ করবে নচ।
এদিকে বিশ্লেষকদের আশঙ্কা, অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টের গুরুত্ব ও মূল্য অতিরিক্ত বা অবমূল্যায়ন করার আশঙ্কা রয়েছে। দেশ ও সম্প্রদায় অনুযায়ী ইনফ্লুয়েন্সারদের ফলোয়ারদেরও ভিন্নতা থাকে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বার্ষিক ফির একটি নমুনা তুলে ধরা হয়। প্রতিবেদনে বার্ষিক ফি ৪৫৯ ডলার দেখানো হয়েছে। সে হিসেবে মাসপ্রতি ফি হয় প্রায় ৩৮ ডলার। এক্ষেত্রে হ্যাকিংয়ের কারণে ব্যবহারকারীরা অ্যাকাউন্টে অ্যাকসেস না করতে পারলে দৈনিক ২৪৪ ডলার দেবে নচ। ৪৮ ঘণ্টা অপেক্ষার পর পেমেন্ট ব্যবস্থা চালু করবে প্রতিষ্ঠানটি। বার্ষিক ২২ হাজার ডলার পরিশোধ পৌঁছনোর আগ পর্যন্ত বা বছরে ৯০ দিনের ক্ষতিপূরণ না হওয়া পর্যন্ত ব্যবহারকারীরা অর্থ পাবেন।
সংশ্লিষ্টরা জানান, যেহেতু পরিষেবাটি একেবারেই নতুন, তার ওপর প্রতিষ্ঠানটিও নতুন, তাই ব্যবহারকারীদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বীমা করা আদৌ লাভজনক কিনা তা এখনো বলার সুযোগ নেই। তবে নিঃসন্দেহে এটি একটি অভিনব উদ্যোগ।
বর্তমানে অনলাইন জগতে অ্যাকাউন্ট হ্যাকিং নতুন আলোড়ন সৃষ্টি করেছে। এর আগেও হ্যাকিং হতো। তবে বর্তমানে তা ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। আবার অনলাইনের ওপর ভিত্তি করেই অনেকে জীবিকানির্বাহ করেন। এ থেকেই অ্যাকাউন্ট বীমা করার উদ্যোগ নিয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//