Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 10 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: এবারের ঈদুল আজহার কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণে উদ্যোগ গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও চট্টগ্রাম বিসিক শিল্পনগরী।

এ লক্ষ্যে সিলেট নগরীর বিভিন্ন কওমি মাদ্রাসা ও এতিমখানাগুলোর সংগ্রহ করা কোরবানির চামড়া সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বিক্রির জন্য ফোন দিয়ে জানালেই নির্ধারিত স্থান থেকে চামড়া সংগ্রহ করবে সিসিকের গাড়ি। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরুর হাটে ফ্রি লবণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয়।

কোরবানির পশুর চামড়া ছাড়ানোর ৪-৫ ঘণ্টার মধ্যে লবণ দিয়ে সংরক্ষণ করতে হয়। সঠিক সময়ে লবণ না দিলে চামড়া নষ্ট হয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগের ফলে যত্রতত্র পশুর চামড়া ফেলার ঘটনা রোধের পাশাপাশি চামড়ার ন্যায্যমূল্য পাবে মাদ্রাসা-এতিমখানাগুলো।

সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান জানান, কোরবানির পশুর চামড়া সংগ্রহে প্রস্তুত করা হচ্ছে পারাইরচকস্থ ডাম্পিংইয়ার্ড ও ১০টি ট্রাক। এ কাজে ২০০ দক্ষ শ্রমিক নিয়োগ করা হয়েছে। গত বছর প্রথম এ উদ্যোগ নেয়া হয়। ফলে যত্রতত্র চামড়া ফেলার ঘটনা ঘটেনি। গেল বছর প্রক্রিয়াজাত ৯০০ চামড়া ন্যায্য দামে বিক্রি করে এতিমখানাগুলোকে বুঝিয়ে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করে প্রয়োজনীয় লবণযুক্ত করে বাজারমূল্যে বিক্রি করা হবে। তারপর বিক্রির টাকা তালিকা অনুযায়ী মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছে দেয়া হবে। চামড়া পরিবহনে মাদ্রাসা কর্তৃপক্ষকে কোনো ধরনের ফি পরিশোধ করতে হবে না, শুধু শ্রমিকের মজুরি দিতে হবে।

সিসিক কর্তৃপক্ষ জানায়, চামড়া সংগ্রহের জন্য নির্দিষ্ট সেলফোন নাম্বারে (০১৭১১৫৭০৭২৭, ০১৭১৩০১৮২৯) কল করে জানালে সিসিকের ট্রাক পৌঁছে যাবে মাদ্রাসা বা এতিমখানায়।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যথাসময়ে লবণযুক্ত করা হলে কোনো চামড়া নষ্ট হবে না। সময় নিয়ে উপযুক্ত দামে চামড়া বিক্রি করা যাবে। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে। সে সঙ্গে মাদ্রাসাছাত্রদেরও কষ্ট কিছুটা দূর হবে। পাশাপাশি নগরীর পরিবেশ থাকবে স্বাস্থ্যসম্মত।

এদিকে, গতকাল বিকালে চট্টগ্রাম নগরীর বায়তুশ শরফ মাদ্রাসার এতিমখানায় ফ্রি লবণ বিতরণের মাধ্যমে চামড়া সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম লবণ মিলমালিক সমিতির সহযোগিতায় নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, নেছারিয়া মাদ্রাসা, বারিয়া মাদ্রাসা, ষোলশহর জামিয়া মাদ্রাসায় ফ্রি লবণ বিতরণ করা হয়েছে। এছাড়া নগরীর পশুর হাটগুলোয় লবণ বিতরণ করে বিসিক।

লবণ বিতরণের উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন বিসিক চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন, মনিটরিং কর্মকর্তা মোজাম্মেল হক, রসায়নবিদ জ্যোতি চন্দ্র রায়, বাংলাদেশ লবণ মিলমালিক সমিতির সভাপতি নুরুল কবির, সহসভাপতি নুরুল আমীন। বায়তুশ শরফ এতিমখানার পক্ষ থেকে লবণ গ্রহণ করেন মুহাম্মদ এহছানুল হক মিলন ও তৌহিদুল ইসলাম।

লবণ বিতরণকালে বিসিক চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন বলেন, চামড়া আমাদের জাতীয় সম্পদ। প্রতি বছর সচেতনতার অভাবে অনেক চামড়া নষ্ট হয়। এবার আমরা শুরু থেকে চামড়া সংরক্ষণের সঠিক নিয়মসংবলিত লিফলেট বিলি করেছি। এবার ফ্রিতে লবণ বিতরণ কর্মসূচি পালন করছি। চট্টগ্রামে ১০ টন লবণ বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে।

বাংলাদেশ লবণ মিলমালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, আমি আমার মিল থেকে একটি মাদ্রাসার এতিমখানার সব চামড়ার জন্য লবণের দায়িত্ব নিয়েছি। আমি এবং অন্য ব্যবসায়ীরা সবাই এগিয়ে আসুক। আমাদের এ জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিনিযোগবার্তা/এসএল/এসএএম//