Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 11 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

কক্সবাজার প্রতিনিধি: ঈদের প্রথম দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো মানুষের ঢল নেমেছে। তবে অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম দর্শনার্থী লক্ষ্য করা গেছে। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিকই ছিল দর্শনার্থীর সংখ্যা। তবে সৈকতে  আগত পর্যটকদের মধ্যে অধিকাংশই ছিল স্থানীয়। 

সৈকতে ঘুরতে আসা স্থানীয় বাসিন্দা টিপু সুলতান জানান, অনেকদিন পর পরিবার নিয়ে সমুদ্র দেখতে এলাম। বাড়ির পাশে সমুদ্র হয়ে কখনো সেজেগুজে খুব বেশি আগ্রহ নিয়ে সমুদ্র দেখা হয় না। বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় দর্শনার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। মানুষের ভিড় তেমন না থাকায়  মোটামুটি ভালোই লাগছে৷

সমুদ্র সৈকতে দায়িত্বরত বিচ কর্মী শফিক আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের ব্যাপক সমাগমের সম্ভাবনা মাথায় রেখে বিচকর্মীসহ সংশ্লিষ্টরা প্রস্তুতি গ্রহণ করে। সন্ধ্যা পর্যন্ত সৈকতে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে বেশ কিছু  দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঈদের প্রথম দিনে আশানুরূপ পর্যটক না থাকলেও দ্বিতীয়দিন থেকে পর্যটকের সংখ্যা বাড়তে পারে।

সৈকতের সি- সেইফ লাইফগার্ড কর্মী মোহাম্মদ সিফাত বলেন, আজকে সৈকতে বাহিরের পর্যটক তেমন না থাকায় সমুদ্রে নামেনি অনেকেই। ফলে আমাদের চাপও কম ছিল। সন্ধ্যা পর্যন্ত কয়েক হাজার পর্যটক অবস্থান করছিল সৈকতের বিভিন্ন পয়েন্টে। 

সৈকতের সুগন্ধা পয়েন্টের ঝিনুক ব্যবসায়ী জোসেফ সাইন বলেন, ঈদের দিন হিসেবে বেশি টাকার মালামাল বিক্রি করতে পারিনি। আজকের দিনে অন্তত ১০ হাজার টাকার মালামাল বিক্রি করতে পারবো বলে আশা ছিল। তবে আগামীকাল থেকে বেচাবিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। 

কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, সাধারণত কোরবানির ঈদে কক্সবাজারে তেমন পর্যটক আসে না। তবে  ঈদুল ফিতরে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি দেখা যায়। আজকে প্রথম দিন হিসেবে একেবারে কম পর্যটক ছিল তাও বলা যাবে না। তবে আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। তিনি জানান, কিছু কিছু হোটেলে ভালোই পর্যটক উঠেছেন। আশা করছি আগামীকাল থেকে বেশ সাড়া পাওয়া যাবে। 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সৈকতের বিভিন্ন পয়েন্টে আমাদের টিম অবস্থান করছে। পর্যটক হয়রানি ও  যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। 

বিনিয়োগবার্তা/এসএল//