Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 12 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: টুইটার কেনার চুক্তি থেকে ইলন মাস্কের ফিরে আসার ঘটনায় ইতোমধ্যে মামলার প্রস্তুতি নিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। এই খবরটি নিয়ে নিজের টুইটারে একটি মিম টুইট করে মজা করেছেন মাস্ক। খবর ওয়াশিংটন পোস্ট।

মিমটিতে টেসলার প্রতিষ্ঠাতা চারটি ছবি একত্র করে একটি ছবি পোস্ট করেছেন। চারটি ছবির প্রতিটিতে তাকে হাসতে দেখা যায়। প্রতিটি ছবিতে তাকে আগের ছবিটির চেয়ে বেশি হাসতে দেখা যাচ্ছে। আর চারটি ছবির একেকটির সঙ্গে একেককটি ক্যাপশন লেখা।

প্রথম ক্যাপশনে লেখা: ‘ওরা বলেছিল, আমি টুইটার কিনতে পারব না।’ দ্বিতীয় ক্যাপশনে লেখা: ‘তারপর তারা আমাকে বটের (ফেক অ্যাকাউন্ট) তথ্য দেবে না।’ তৃতীয় ক্যাপশনে লেখা: ‘এখন তারা আদালতের মাধ্যমে জোর করে আমাকে টুইটার কিনতে বাধ্য করতে চায়।’ চতুর্থ ক্যাপশনে লেখা: ‘এখন কোর্টে তাদের বটের তথ্য দিতে হবে।’

তবে মাস্কের এই টুইটের বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি টুইটার কর্তৃপক্ষ।

এদিকে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করতে নিউইয়র্কভিত্তিক একটি বৃহৎ আইনি সংস্থা নিয়োগ করেছে টুইটার। গত সপ্তাহে টুইটার ক্রয়চুক্তি বাতিল করার পর এ পদক্ষেপ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থাটি।

রোববার (১০ জুলাই) ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াচটেল, লিপটন, রোজেন ও কাটজ সংক্ষেপে ডব্লিউএলআরকে নামক আইনি সংস্থা টুইটারের প্রতিনিধিত্ব করছে।

এর আগে শুক্রবার (৮ জুলাই) টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনি টুইটারের সঙ্গে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি স্বাক্ষর করছেন না। তার অভিযোগ, এ সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে তথ্য জানাতে ব্যর্থ হয়েছে।

এ খবর ছড়িয়ে পড়ার পর টুইটার মামলা করার উদ্যোগ নেয়। ব্লুমবার্গের খবর অনুসারে, টুইটার আগামী সপ্তাহে ডেলাওয়্যারে মামলা করবে। এদিকে মাস্কের প্রতিনিধিত্ব করছে আইন সংস্থা কুইন ইমানুয়েল উরকুহার্ট ও সুলিভান।

তবে মামলাসংক্রান্ত ব্যাপারে টুইটার ও তাদের আইন সংস্থা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

গত সপ্তাহে এক চিঠিতে ইলন মাস্কের আইনজীবী বলেন, ভুয়া অ্যাকাউন্টের তথ্য জানাতে অসম্মতি জানানোর পাশাপাশি টুইটার তার স্প্যাম বট মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম থাকার বিষয়টির প্রমাণ দিতে পারেনি।

বিনিয়োগবার্তা/এসএল//