Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 14 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: অ্যাপলের পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করে যাচ্ছিলেন জনি আইভ। ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে চাকরি ছাড়ার পর অ্যাপলের সঙ্গে ১০ কোটি ডলারের পরামর্শক চুক্তিতে ছিলেন প্রযুক্তি জায়ান্টটির সাবেক ডিজাইন চিফ। কিন্তু নিজ প্রতিষ্ঠানে আরো মনোযোগ দেয়া এবং স্বাধীনভাবে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য সম্প্রতি পরামর্শক চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন আইভ। খবর এনগ্যাজেট।

১৯৯৭ সালে প্রায় দেউলিয়া অবস্থা থেকে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানে রূপান্তরে স্টিভ জবসের সবচেয়ে কাছের মানুষ হিসেবে বিবেচনা করা হতো অ্যাপলের ডিজাইন বা নকশা বিভাগের এ সাবেক প্রধানকে। দুই দশকেরও বেশি সময় অ্যাপলের নকশা বিভাগে নেতৃত্ব দেয়ার পর ২০১৯ সালের নভেম্বরে অ্যাপল ছাড়েন আইভ। নকশা বিভাগের প্রধানের পদ ছাড়লেও এতদিন চুক্তিভিত্তিক পরামর্শক হিসেবে অ্যাপলের সঙ্গেই ছিলেন আইভ। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ও আইভের সম্পর্ক ভেঙে গিয়েছে। চুক্তির সময় শেষে সেটি নতুন করে নবায়ন না করতে সম্মত হয়েছে উভয় পক্ষ।

২০১৯ সালে অ্যাপল ছাড়ার আগের দুই দশকে কোম্পানিটি যত আইকনিক পণ্য বাজারে এনেছে তার প্রত্যেকটির প্রধান নকশাবিদ ছিলেন জনি আইভ। এর মধ্যে রয়েছে ২০০৪ সালের আইপড মিনি, ২০০৭ সালে আইফোন, ২০০৮ সালে ম্যাকবুক এয়ার, ২০১০ সালে আইপ্যাড, ২০১৫ সালে অ্যাপল ওয়াচ ও ২০১৬ সালের এয়ারপডস। স্টিভ জবসের সঙ্গে জনি আইভের সর্বশেষ প্রকল্প ছিল অ্যাপল পার্ক নামে প্রতিষ্ঠানটির নতুন প্রধান কার্যালয়ের ডিজাইন।

স্টিভ জবসের মৃত্যুর পর সিইও টিম কুকের অনেক পলিসি নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। নিত্যনতুন নকশা ও অভিনব পণ্যের ওপর জোর না দিয়ে সফটওয়্যার ও পরিষেবা ব্যবসায় মনোযোগ দিচ্ছেন কুক, এমন অভিযোগ অ্যাপলের সৃজনশীল বিভাগের কিছু অংশের। এছাড়া জবসের মৃত্যুর পর অ্যাপলে নকশাবিদ ও প্রকৌশলীদের জায়গায় হিসাবরক্ষক ও করপোরেট নেতৃত্বের প্রভাব বেড়েছে বলে অভিযোগ অনেকের।

অ্যাপল ছেড়ে লাভফ্রম নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন আইভ। সৃজনশীল নকশা নিয়ে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করে লাভফ্রম; এর মধ্যে আছে স্পোর্টসকার নির্মাতা ফেরারির মূল প্রতিষ্ঠান এক্সোর। কোম্পানিটির সঙ্গে বিলাসবহুল ব্যবসা খাতের বিভিন্ন সৃজনশীল প্রকল্প নিয়ে টানা কয়েক বছরের সমঝোতা চুক্তি রয়েছে লাভফ্রমের। নকশাবিদ হিসেবে বিভিন্ন শীর্ষ পুরস্কার জয়ী এ ব্রিটিশ নাগরিক ২০১২ সালেই রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইটহুড পেয়েছেন। অ্যাপলের শীর্ষ পদ ছাড়ার সময়ে পাঁচ হাজারেরও বেশি পেটেন্টের মালিক ছিলেন আইভ।

বিনিয়োগবার্তা/এসএল//