Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 14 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ক্যানুর আসন্ন বিদ্যুচ্চালিত ডেলিভারি ভ্যানগুলোর মধ্যে কমপক্ষে ৪ হাজার ৫০০ ইউনিট কিনতে সম্মত হয়েছে ওয়ালমার্ট। এ চুক্তিকে বিদ্যুচ্চালিত যানবাহন স্টার্টআপটির জন্য উল্লেখযোগ্য জয় হিসেবে দেখা হচ্ছে। এ খবরের পরে ক্যানুর শেয়ারদর ৫০ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে। খবর সিএনবিসি।

স্থানীয় ডেলিভারি পরিষেবার জন্য ছোট এ বিদ্যুচ্চালিত ভ্যানগুলো ডিজাইন করেছে ক্যানু। লাইফস্টাইল ডেলিভারি ভেহিকল নামের এ গাড়িগুলো কিনতে ‘নির্দিষ্ট চুক্তি’ করেছে মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় কমপক্ষে ৪ হাজার ৫০০ ইউনিট থেকে সর্বোচ্চ ১০ হাজার ইউনিট গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে।

ওয়ালমার্ট দ্রুত ও কম খরচে অনলাইন কেনাকাটা সরবরাহ করতে চাইছে। এক্ষেত্রে সংস্থাটি প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতায় নামছে। এ লক্ষ্যে সংস্থাটি ইনহোমসহ ই-কমার্স পরিষেবাগুলো চালু এবং প্রসারিত করেছে। এ ব্যবস্থায় সরাসরি গ্রাহকদের বাড়িতে পণ্য সরবরাহ করছে ওয়ালমার্ট। পাশাপাশি এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে ২ ঘণ্টা বা তার কম সময়ে ক্রেতাদের দরজায় কেনাকাটার মালামাল পৌঁছে দিচ্ছে। মুদি পণ্যের সীমাহীন হোম ডেলিভারিও ওয়ালমার্ট প্লাসের একটি মূল সুবিধা। তবে এসব পরিষেবা প্রসারিত করতে সংস্থাটির আরো বেশি ডেলিভারি ভ্যানের প্রয়োজন।

এ অবস্থায় ক্যানুর সঙ্গে ওয়ালমার্ট ডেলিভারি ভ্যানের চুক্তি করেছে। চলতি বছরের শুরুর দিকে সংস্থাটি জেনারেল মোটরসের সহযোগী প্রতিষ্ঠান ব্রাইটড্রপ থেকে পাঁচ হাজার ইউনিট বিদ্যুচ্চালিত ভ্যান কেনার চুক্তি করেছিল। পাশাপাশি ফোর্ড ই-ট্রানজিট থেকে ১ হাজার ১০০ ইউনিট ভ্যান কিনেছে সংস্থাটি। এ ভ্যানগুলোর কিছু এরই মধ্যে পরিষেবায় যুক্ত হয়েছে।

নতুন চুক্তির ক্যানুর ভ্যানগুলো সংস্থাটির ওকলাহোমা কারখানায় তৈরি করা হবে এবং আগামী বছর পরিষেবায় যুক্ত হওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। যদিও চুক্তির শর্তাবলি প্রকাশ করা হয়নি।

বিনিয়োগবার্তা/এসএল//