Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 17 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়


বিনিয়োগবার্তা ডেস্ক: টিকটকের বৈশ্বিক নিরাপত্তাপ্রধানের পদ থেকে সম্প্রতি সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন রোলাঁ ক্লতিয়েঁ। সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। বৈশ্বিক নিরাপত্তা বিভাগ থেকে সরে দাঁড়ালেও মাইক্রোব্লগিং সাইটটির সঙ্গে থাকছেন বলে জানান ক্লতিয়েঁ। টিকটক ওয়েবসাইটের এক মেমোতে এ তথ্য নিশ্চিত করেছে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। খবর রয়টার্স।

ক্লতিয়েঁ জানান, সম্প্রতি টিকটকের নিরাপত্তা দলে পরিবর্তন ও ব্যক্তিগত ডাটা ব্যবহার নিয়ে মার্কিন নিয়ন্ত্রকদের চালু করা তদন্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সাইবার নিরাপত্তা সমস্যার পাশাপাশি ডাটা নিরাপত্তা সমস্যার কথা বিবেচনা করে দুই বছর আগে ক্লতিয়েঁকে নিয়োগ দিয়েছিল টিকটক। মাধ্যমটি চীনা মালিকানাধীন হওয়ায় তখন এসব সমস্যা ‘নতুন’ ছিল তাদের কাছে। টিকটক এখন তাদের বৈশ্বিক নিরাপত্তা দলে রদবদল করছে এবং চীনবিষয়ক নিরাপত্তা সমস্যাগুলো আরো স্থানীয় পর্যায়ের দলের কাছে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে ‘ইউএসডিএস’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক নতুন ডাটা নিরাপত্তা দল তৈরির ঘোষণা দিয়েছে টিকটক। মার্কিন ব্যবহারকারীর ডাটা সংরক্ষণ ও সেই ডাটায় চীনের প্রবেশাধিকার কমানোর বিষয়টি তদারকি করবে।

সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর নেতৃত্বাধীন টিকটক ইইউসহ অন্যান্য অঞ্চলে অনুরূপ ডাটা নিরাপত্তা দল তৈরির কথা বিবেচনা করছে। ২০২০ সালে ক্লতিয়েঁকে বেতন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান অটোমেটেড ডাটা প্রসেসিং ইনকরপোরেটেড (এডিপি) থেকে এনেছিল কোম্পানিটি। আপাতত বৈশ্বিক নিরাপত্তা প্রধানের দায়িত্ব পালন করবেন টিকটকের নিরাপত্তা দলের জ্যেষ্ঠ সদস্য কিম আলবারেলা।

বিনিয়োগবার্তা/এসএল//