Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 17 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতা প্রদানের মাধ্যমে  দ্বিপাক্ষিক বাণিজ্যের সুফল লাভ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের  রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান (Mustafa Osman Turan) ১৭ জুলাই গুলশানস্থ  বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি মিরান আলী,  পরিচালক আসিফ আশরাফ,  পরিচালক ব্যারিষ্টার ভিদিয়া অমৃত খান, বিজিএমইএ  স্ট্যান্ডিং কমিটি অন ফরেন মিশন সেল এর  চেয়ারম্যান শামস মাহমুদ এবং বিজিএমইএ  স্ট্যান্ডিং কমিটি অন আইএলও ইস্যু এর চেয়ারম্যান এ এন  এম সাইফুদ্দিন। 

তারা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাব্য  ক্ষেত্রসমূহ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশ ও  তুরস্কের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে, বিশেষ করে পোশাক ও বস্ত্র ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে উভয় দেশ একে অপরের পরিপূরক হওয়ার বিশাল সুযোগ রয়েছে।

একই অভিমত ব্যক্ত করে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান উভয় দেশের পোশাক ও টেক্সটাইল শিল্প খাতে যৌথ উদ্যোগে বিনিয়োগ করার উপর গুরুত্ব প্রদান করেন।

তারা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন ও টেকনোলজী (বিইউএফটি) এবং শীর্ষস্থানীয় তুর্কি ফ্যাশন ইনষ্টিটিউটগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে  পোশাক ও বস্ত্র শিল্পে জ্ঞান ও দক্ষতা ভাগ করে  নেয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

তারা অভিমত প্রকাশ করে বলেন, অনুষদ এবং শিক্ষার্থী বিনিময়ের মধ্য দিয়ে ডিজাইনার এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ ঘটবে, যা জ্ঞান ও  দক্ষতা বিকাশে সহায়তা করবে এবং উভয় দেশকে উপকৃত করবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//