Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 18 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় কর্মঘণ্টা কমানো হবে নাকি বাসা থেকে অফিস করা হবে এ বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অফিসের সময় কমানো হতে পারে। অথবা হতে পারে ওয়ার্ক ফ্রম হোম। অফিসে যতটুকু না করলেই নয় এমনভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি চিন্তা করছি। সপ্তাহ খানেকের মধ্যে জানাবো। কেউ বলছে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা বা ৪টা পর্যন্ত করতে। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

ফরহাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। যেটা করলে ভালো হয় সেটাই হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্ত নেবো আমরা। সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করবো।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ডিজেলে বিদ্যুৎ উৎপাদন না করা, সপ্তাহে একদিন ফিলিং স্টেশন বন্ধ রাখাসহ বিদ্যুৎ সাশ্রয়ে এলাকাভিত্তিক লোডশেডিং, সরকারি-বেসরকারি অফিসের সময় কমিয়ে আনা, ভার্চুয়াল অফিস করার পরিকল্পনা করছে সরকার।

বিনিয়োগবার্তা/এসএল//