
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করতে ২৫ হাজার কোটি টাকা তহবিল গঠন (পুনঃঅর্থায়ন স্কিম) করেছে। এর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এমএফএসের মাধ্যমে ঋণ বিতরণ করতে পারবে।
মঙ্গলবার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা সিএমএসএমই খাতে নিয়োজিত উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি করা সম্ভব হলে তা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকে অধিকতর গতিশীল করবে। সে লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদের অপেক্ষাকৃত স্বল্প সুদে, মুনাফায় ও সহজ শর্তে ঋণ বা বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে।
এ স্কিমটিকে সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিম নামে অবহিত করা হবে। এ তহবিলের উৎস বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল। প্রাথমিকভাবে এ স্কিমটির মেয়াদ ৩ বছর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ স্কিমের আওতায় কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা পুনঃঅর্থায়ন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদাসম্পন্ন উদ্যোক্তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা দেয়া হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ স্কিমের আওতায় বিতরণ করা মোট ঋণের ন্যূনতম ৭৫ শতাংশ কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তাদের এবং ২৫ শতাংশ মাঝারি উদ্যোক্তাদের বিতরণ করতে পারবে।
তবে খেলাপি ঋণগ্রহীতারা এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন না। ঋণগ্রহীতার ঋণের শ্রেণিকরণ বিষয়ে সিআইবি হতে নিশ্চিত হতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়ন করা অর্থের বিপরীতে বার্ষিক সুদের হার হবে ২ শতাংশ। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহক পর্যায়ে আরোপিত বার্ষিক সুদের হার হবে সর্বোচ্চ সাত শতাংশ। প্রদত্ত ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে গ্রেস পিরিয়ড হবে সর্বোচ্চ ৬ মাস। শিল্প/সেবা/ব্যবসার ধরন ভেদে ঋণের মেয়াদ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্ধারিত হবে। তবে গ্রেস পিরিয়ডসহ ঋণের মেয়াদ ৫ বছরের বেশি হবে না। পুনঃঅর্থায়নের মেয়াদ ঋণের মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে।
বিনিয়োগবার্তা/এসএল//