Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 20 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি বিল গেটস তার নিজের সম্পদ থেকে অলাভজনক প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার দানের ঘোষণা দেন। এর পরপরই মার্কিন সাময়িকী ফোর্বসের ‘দ্য ওয়ার্ল্ডস রিয়াল টাইম বিলিয়নিয়ারস’ তালিকায় একধাপ নিচে নেমে গেছেন বিল গেটস। বর্তমানে তিনি ফোর্বসের ধবকুবদের এ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। আর তার আগের স্থান দখল করেছেন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি গৌতম আদানি।

মঙ্গলবার (১৯ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফোর্বসের দ্য ওয়ার্ল্ডস রিয়াল টাইম বিলিয়নিয়ারস তালিকা অনুযায়ী, গৌতম আদানি ও তার পরিবারের সম্পদের পরিমাণ ১১৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। তিনি এখন বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। আর সম্প্রতি চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে আসা বিল গেটসের সম্পদের পরিমাণ ১০৩ দশমিক ১ বিলিয়ন ডলার।

বুধবার (১৩ জুলাই) একটি ব্লগে ৬৬ বছর বয়সী টেক বিলিয়নিয়ার বিল গেটস জানান, তিনি ধীরে ধীরে তার সমস্ত সম্পদ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দেয়ার পরিকল্পনা করছেন।

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা থেকে আমি বেরিয়ে আসব এবং আমি বাদ পড়ব। জীবনমান উন্নয়নে সমাজে আমার সম্পদ দান করার বাধ্যবাধকতা রয়েছে। আমি আশা করি, অন্য ধনকুবেররাও এই উদ্যোগ নেবে।

এর আগে গেল ফেব্রুয়ারি মাসে আদানি ভারতীয় আরেক ধনকুব মুকেশ আম্বানিকে হটিয়ে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করেন। মুকেশ আম্বানি বর্তমানে ৮৮ দশমিক ৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে ফোর্বসের তালিকার দশম স্থানে রয়েছেন।

এছাড়া ফোর্বসের এ তালিকা অনুসারে, বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ২৩৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। তারপরেই ১৫৩ বিলিয়ন ডলার নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। এ তালিকায় তৃতীয় স্থানে ১৪০ দশমিক ৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে আছেন জেফ বেজোস।  

বিনিয়োগবার্তা/এসএল//