Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 20 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গ্যাস সংকটে উৎপাদন বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের (সিইউএফএল)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উৎপাদন বন্ধ করে দেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালনাধীন কারখানাটি।

সিইউএফএল সূত্র জানায়, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার গ্যাস বিতরণ প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে ইউরিয়া উৎপাদনে গ্যাস নেয় সিইউএফএল। সর্বশেষ যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ৩ ডিসেম্বর থেকে আড়াই মাস কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এরপর গত ২০ ফেব্রুয়ারি আবার চালু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মাইনুল হক বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায় কারখানার। গ্যাস সংকটের কারণে এমনটি হয়েছে। সিইউএফএল সূত্র জানায়, সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদিত হওয়ার কথা। বার্ষিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া।

কেজিডিসিএল সূত্রে জানা গেছে, সিইউএফএল দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেত। 

অপর দিকে চট্টগ্রামের আরেক বেসরকারি সার উৎপাদন কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) দৈনিক ৪২ থেকে ৪৩ মিলিয়ন গ্যাস নেয় কেজিডিসিএল থেকে। যোগাযোগ করা হলে কেজিডিসিএলের উপ মহাব্যবস্থাপক (বিতরণ-উত্তর) আহসান হাবিব বলেন, গ্যাস সংকটে সিএফইউএলের দৈনিক গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে জনসংযোগ বিভাগে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।

বিনিয়োগবার্তা/ডিএফই//