Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 19 Sep 2026 20:07
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বান্দরবান প্রতিনিধি, বিনিয়োগবার্তা: বান্দরবানের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরির কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের সরে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খানের নেতৃত্বে শনিবার (১৭ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের কালাঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে অভিযান চালায়। অভিযানের সময় পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের ঘরবাড়ি ছেড়ে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরির কাজ শুরু করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এ অভিযান পরিচালনা করা হবে। অপরদিকে, পাহাড়ের ঢালুতে নতুন কয়েকটি বসতি স্থাপনের কাজও বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর অজিত দাশসহ প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খান বলেছেন, ‘পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের সরে যেতে প্রাথমিকভাবে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা তৈরির কাজ করা হচ্ছে। নির্দেশ দেওয়ার পরও যারা ঝুঁকিপূর্ণ বসতি ছাড়বেন না, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে।’

তিনি আরো বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ীভাবে পুর্নবাসনের চিন্তাভাবনা রয়েছে সরকারের। তবে প্রাথমিকভাবে তাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হবে।’

 

(এসএএম/ ১৭ জুন ২০১৭)