
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সৃষ্ট প্রভাব মোকাবিলা করে পোশাক শিল্পের গতি অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ব্যাংকর সহায়তা চেয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ অনুরোধ জানান।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, পরিচালক নীলা হোসনে আরা।
বিজিএমইএ নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্তির জন্য তাকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে আর্থিক খাত পরিচালনায় তার ব্যাপক অভিজ্ঞতা এবং দক্ষতা তাকে কেন্দ্রীয় ব্যাংক বিচক্ষণতার সঙ্গে ও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সহায়তা করবে, যা বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে অবদান রাখবে।
তারা পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে পোশাক শিল্পের সমস্যা এবং সেগুলো সমাধানের সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করেন।
তারা গভর্নরকে বিজিএমইএ এর টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ সম্পর্কে অবহিত করেন, যার লক্ষ্য হচ্ছে টেকসই প্রবৃদ্ধি অর্জন যা অর্থনীতি, পরিবেশ ও জনগণের জীবনে ইতিবাচক প্রভাব রাখবে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্পের রূপকল্প, যা সরকারের টেকসই উন্নয়ন রূপকল্পের সাথে সংগতিপূর্ণ, তা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
বিনিয়োগবার্তা/এসএল//