
নিজস্ব প্রতিবেদক: ২০১৪, ২০১৮ সালে নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করেনি, ট্রেনের পাদানিতে চড়ে বিএনপি নির্বাচনের ট্রেনে উঠেছিল। এবারো নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে নিকুঞ্জ খেলার মাঠে আয়োজিত খিলক্ষেত থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন বিএনপিকে সংলাপে ডেকেছিল। বিএনপি সংলাপে যায়নি। বিএনপির সবকিছুতে না। সংসদ নির্বাচনে না, পৌরসভা নির্বাচনে না, ইউনিয়ন পরিষদ নির্বাচনে না, সংলাপে না, সবকিছুতে না। আসলে তাদের ‘না ভূতে’ পেয়ে বসেছে। নানা ধরনের ভূত আছে, বিএনপিকে পেয়ে বসেছে ‘না ভূতে’। যে কারণে তাদের সবকিছুতে না।
মন্ত্রী বলেন, আসলে বিএনপি নির্বাচনকে ভয় পায়। কারণ গত দুই নির্বাচনে ২০১৮ সালের নির্বাচনে তারা বাম-ডান, অতিবাম-অতিডান সব দলের ঐক্য করে বিএনপি ঝুলিতে মাত্র পাঁচটি সংসদীয় আসন পেয়েছে। সে কারণে তারা এখন আর নির্বাচনে যেতে চায় না। আরেকটি কারণ হচ্ছে, নির্বাচনে গেলে খালেদা জিয়াও নির্বাচন করতে পারবেন না, তারেক রহমানও নির্বাচন করতে পারবেন না। এ জন্য খালেদা জিয়াও নির্বাচন চান না, তারেক রহমানও নির্বাচন চান না। সেজন্য তারা নির্বাচন চান না, সংলাপেও যেতে চান না।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও বিএনপির প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু হওয়ায় বিএনপি এখন সর্ষে ফুল দেখছে, যখন মেট্রোরেল চালু হবে, তখন তো বিএনপি পাগল হয়ে যাবে। আর এ বছরের মধ্যেই দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলি টানেল উদ্বোধন হবে। তখন বিএনপির ঘুম হারাম হয়ে যাবে।
নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা নেতৃত্বের পতাকায় ঐক্যবদ্ধ থাকবেন। আর যারা দুঃসময়ে দলের সঙ্গে ছিলেন এবং দুঃসময়ে থাকবেন, সেই পরীক্ষিত নেতাকর্মীদের হাতেই দলের পতাকা থাকবে।
খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য হাবিব হাছানসহ উত্তর আওয়ামী লীগের নেতারা সম্মেলনে বক্তব্য দেন।
বিনিয়োগবার্তা/এসএল//