Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 22 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপকভাবে চাষাবাদ করতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে সরকার।

তিনি বলেন, ইউরোপে চলমান যুদ্ধের কারণে বিশ্বে খাদ্যসংকট দেখা দিতে পারে, ভোজ্য তেল ও খাদ্যশস্য আমদানি কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। এ জন্য বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে ভোজ্য তেলের জন্য সরিষার চাষ করতে হবে। একই জমিতে এরপর নির্দিষ্ট ধান চাষ করতে হবে।

এ জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। কৃষি ও মৎস্য কর্মকর্তারা সরেজমিনে মাঠ পরিদর্শনপূর্বক খাদ্যশস্য ও মৎস্যের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শুক্রবার মৌলভীবাজার জেলার জুড়ী  উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত পরিবারের জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা অনুদানের চেক, অসচ্ছল সংস্কৃতিসেবীর অনুকূলে কল্যাণভাতার চেক, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশের তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছেন। সরকারের পদক্ষেপের ফলে ইতোমধ্যে সয়াবিন তেলের দাম কমে এসেছে। এ ছাড়া বিশ্ববাজারে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। তিনি সাময়িক এ সময়ের জন্য সবাইকে বিদ্যুৎসাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।   মন্ত্রী বলেন, সব সমস্যা সমাধান করে  মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনামতো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রমুখ।

অনুষ্ঠানে অসচ্ছল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০টি পরিবারকে আর্থিক অনুদান ও ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করেন। কৃষি বিভাগের উদ্যোগে দুই হাজার কৃষকের মাঝে পাঁচ কেজি ধানের বীজ ও ২০ কেজি সার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দুইজনকে সেলাই মেশিন প্রদান করেন।

এর আগে মন্ত্রী জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুড়ী উপজেলায় বন্যা-পরবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।

বিনিয়োগবার্তা/এসএল//