
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশে মৎস্য সম্পদ রপ্তানির প্রতি নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বিদেশে আমাদের মাছের অনেক সুনাম ও চাহিদা রয়েছে। উৎপাদন বাড়িয়ে নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির উদ্যোগ নিতে হবে। সরকার এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে।’
রোববার ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে জাতীয় সংবাদপত্রে দেশের মৎস্য খাতের সাফল্য ও অর্জন নিয়ে নিবন্ধ প্রকাশ করা হয়েছে।
এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী বলেন, সবচেয়ে নিরাপদ পুষ্টি পাওয়া যায় মাছ থেকে। যেটা মাংস থেকে হয় না। মাছের যে আবাসস্থল অর্থাৎ অভয়ারণ্য তৈরি করা- এগুলোর দিকে দৃষ্টি দিতে হবে। পানির প্রবাহটা ভালো থাকা, পানি যাতে দূষণ না হয় সেদিকে খেয়াল রাখা। আমাদের যে চাহিদা সে চাহিদার চেয়ে অনেক বেশি মাছ এখন উৎপাদন করতে পারি।
সরকারপ্রধান বলেন, জাতিসংঘ তখনও সমুদ্রসীমা আইন করেনি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটি করেছিলেন। পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছিলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে মিলিটারি ডিক্টেটররা, সমুদ্রসীমায় যে আমাদের অধিকার আছে সেটা তারা জানত কি না, কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। আমরা যখন প্রথমবার ক্ষমতায় আসি তখন খোঁজ-খবর নিয়ে সমুদ্রসীমায় আমাদের অধিকার দাবি করি।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলা অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক মিডিয়ায় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। এছাড়াও দেশের সব জেলা-উপজেলায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২২’ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//