Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 25 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

কক্সবাজার প্রতিনিধি: সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। যা নিয়ে জেলেরা দ্রুত ফিরছেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে।

জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার পরপরই সাগরে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি তারা। এদিকে অবতরণ কেন্দ্রে ইলিশ দেখে স্বস্তি ফিরেছে মৎস্য ব্যবসায়ীদের মাঝে।

রোববার সকাল থেকেই ট্রালারভর্তি ইলিশগুলো ঝুড়িতে করে এনে কক্সবাজার ফিশারি ঘাট মৎস্য আড়তে ফেলছেন শ্রমিকরা। এরপরই ব্যস্ততা শুরু হয়ে গেছে আড়তদারদের। একদিকে চলছে মাপজোখ। অন্যদিকে চলছে দরদাম। পাইকারি ক্রেতারা দরদাম শেষে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য কার্টনে ভরা শুরু করেন। ট্রাক ও অন্যান্য গণপরিবহনের ছাদে করে সাগরের এসব ইলিশ চলে যাবে দেশের বিভিন্ন এলাকায়।

নিষেধাজ্ঞা শেষে বাঁকখালী নদীর মোহনা দিয়ে বড় বড় ট্রলার যাচ্ছে সাগরে মাছ শিকারে। আবার কিছু ট্রলার ফিরছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। প্রতিটি ট্রলারে জেলেদের মুখে হাসি।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের পন্টুন মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও জেলেদের হাঁকডাকে সরগরম। দীর্ঘদিন পর পন্টুনে ইলিশ দেখে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে দাম বাড়তি বলেও জানান তারা।

ব্যবসায়ীরা বলেন, মাছের সরবরাহ ভালো। তবে বড় মাছের দাম অনেক। ১০০ ইলিশের দাম ১ লাখ ৬০ হাজার টাকা চাচ্ছে।

কক্সবাজারে মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদ সমবায় সমিতির সভাপতি মো. ওসমান গণি টুটুল বলেন, সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞার সুফল পাওয়া যাচ্ছে। এ বছর লাভবান হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//