
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি)-২০২০ সম্মাননা দেয়া হয়েছে ১৩ জনকে। আর এ এআইপি সম্মাননা প্রবর্তন কৃষিখাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এআইপি সম্মাননা প্রদান করা হয়।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন।
এসময় কৃষিমন্ত্রী বলেন, দেশের কৃষি সাফল্যের অন্যতম কারিগর দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী, উদ্যোক্তা, উৎপাদনকারী, খামারিরা। কৃষির সঙ্গে সম্পৃক্তদেরকে প্রতি বছর সম্মাননা জানানোর জন্য এআইপি একটি মহৎ উদ্যোগ। কৃষকদের সম্মান জানানোর জন্য এটি একটি নতুন উদাহরণ। এআইপি সম্মাননা প্রবর্তন কৃষিখাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এর ফলে কৃষি পেশার মর্যাদা আরো বৃদ্ধি পাবে।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, এআইপি সম্মাননা দিয়ে আমরা কৃষকসহ কৃষির সঙ্গে সম্পৃক্তদেরকে সম্মানিত করেছি। নিজেকে সম্মানিত করেছি। সেইসঙ্গে জাতিকেও সম্মানিত করেছি। আগামী দিনের কৃষিকে আমরা বাণিজ্যিক ও সম্মানজনক পেশা হিসাবে উন্নীত করতে চাই। কৃষিতে শিক্ষিত, মেধাবী ও সৃজনশীল তরুণদের আকৃষ্ট করতে চাই। এক্ষেত্রে এই সম্মাননা বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এসময় এআইপি সম্মাননাপ্রাপ্ত নুরুন্নাহার বেগম অনুভূতি প্রকাশ করে বলেন, কৃষিকাজ করে এতো বড় সম্মান পাওয়া যাবে আমরা কল্পনা করিনি। আমাকে কেউ ১০ লাখ টাকা দিক, আমি তা চাই না। কিন্তু এ সম্মাননা অনেক বড় পাওয়া। তিনি বলেন, মাটিকে ঘুষ দেয়া লাগে না। মাটির সঙ্গে পরিশ্রম করলে, মাটি আমাদের সঙ্গে কথা বলে। আমাদের মতো কৃষককে এতো বড় সম্মাননা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই।
এআইপি সম্মাননাপ্রাপ্ত বিছমিল্লাহ মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র ও খামারের মো. সামছুদ্দিন কালু অভিব্যক্তি প্রকাশ করে বলেন, মাছের ব্যবসা শুরু করার সময় চৌধুরী বংশের আমার এক বন্ধু মানসম্মানের ভয়ে ব্যবসায় আসেনি। আর আজকে আমার মতো একজন মাইচ্ছ্য বা চাড়ালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এআইপি সম্মানে ভূষিত করেছেন। এটি বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত। এটা দেখে পুরো জাতি জাগ্রত হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার। এআইপি সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।
বিনিয়োগবার্তা/এসএএম//