
নিজস্ব প্রতিবেদক: অনলাইন নিউজ পোর্টাল হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন সনদ পেয়েছে ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগ, পুঁজিবাজারসহ আর্থিক খাত নিয়ে কাজ করে আসা দেশের অন্যতম বিশেষায়িত অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগবার্তা ডট কম (www.biniyougbarta.com)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়ার হাত থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক শামীম আল মাসুদ।
এর আগে গত ১৪ জুলাই বিনিয়োগবার্তাসহ ৪৫টি অনলাইন নিউজপোর্টালকে নিবন্ধনের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে এসব সংবাদমাধ্যমকে আগামী ২০ কর্মদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে ও নির্ধারিত ফি জমা দিয়ে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়।
এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক দুই আদেশে ৮৫টি নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অনুমোদন দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন এবং ২৩টি অনলাইন নিউজ পোর্টাল।
গত বছরের ২৯ নভেম্বর পর্যন্ত সরকার দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন, ৮৫টি অনলাইন পত্রিকার নিবন্ধন দিয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ১৪২৭টি নিউজপোর্টালকে নিবন্ধন দেওয়া হলো।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন কার্যক্রম শুরু করে বিটিআরসি। এ সময় দেশের বেশ কয়েকটি অনিবন্ধিদ নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে মন্ত্রনালয়।
উল্লেখ্য, শামীম আল মাসুদের সম্পাদনায় ২০১৪ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগ নিয়ে কাজ করে আসছে বিনিয়োগবার্তা ডট কম। ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ ও বিশ্লেষণাত্নক লেখনি প্রকাশের জন্য পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছে নিউজ পোর্টালটি।
বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//