Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 29 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগ করলে উত্তেজিত হওয়া যাবে না। আমরা বিভিন্ন জায়গায় দেখছি, সবাই লেখালিখি করছে—দেশে তেল শেষ, জ্বালানি শেষ। এগুলো সব গুজব। গুজবে কান দিয়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা তাদের কষ্টের টাকায় কেনা শেয়ার নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন। আমরা তাদেরকে বলবো প্যানিকড হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না।

শুক্রবার (২৯ জুলাই) ময়মনসিংহের টাউন হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) উদ্যোগে আয়োজিত দুই দিনের বিনিয়োগ শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএসইসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম।

শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, আমাদের তেল সংরক্ষণের ক্ষমতা ৪০ দিন বা তার একটু বেশি। ৩৬ দিনের তেল আমাদের দেশে মজুদ আছে। আগস্ট মাসে আরও আটটি জাহাজে করে তেল আসছে।

বিনিয়োগ শিক্ষা বিষয়ে বিএসইসির কমিশনার বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বিনিয়োগ শিক্ষা অতিপ্রয়োজনীয়। এর কোনো বিকল্প নেই। এটি ক্রমাগত পরিবর্তন এবং পরিবর্ধন হচ্ছে। বিনিয়োগ শিক্ষা এমন একটি বিষয় যা থেকে অর্থনৈতিকভাবে উপকৃত হওয়া যায়। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শুরু করেছেন বিনিয়োগ শিক্ষা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজ ময়মনসিংহে আমাদের এ কার্যক্রম।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মো. তারিক আমিন ভুঁইয়া, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটের (বিএএসএম) মহাপরিচালক ড. তৌফিক আহমেদ, রশীদ ইনভেস্টমেন্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএর সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী, বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিভাগের নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//