
বিনিয়োগবার্তা ডেস্ক: টুইটার ব্লুয়ের সাবক্রিপশন ফি বৃদ্ধি করতে যাচ্ছে টুইটার। প্রতি মাসে টুইটার ব্লুর সাবস্ক্রিপশন ফি দেশভেদে ২ দশমিক ৯৯ থেকে ৪ দশমিক ৯৯ ডলার বাড়ানো হচ্ছে। যেসব সাবস্ক্রাইবার এখন রয়েছেন আগামী অক্টোবর থেকে তাদের এ বাড়তি টাকা দিতে হবে। আর নতুন ব্যবহারকারীদের এখন থেকেই বাড়তি মূল্য দিতে হবে।
যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডেও বাড়তি মূল্যের বিষয়টি প্রযোজ্য। অস্ট্রেলিয়ায় যেখানে আগে ৪ দশমিক ৪৯ অস্ট্রেলিয়ান ডলার দিতে হতো, এখন সেখানে দিতে হবে ৬ দশমিক ৯৯ অস্ট্রেলিয়ান ডলার; কানাডায় আগে দিতে হতো ৩ দশমিক ৪৯ কানাডিয়ান ডলার, বর্তমানে দিতে হবে ৬ দশমিক ৪৯ কানাডিয়ান ডলার; নিউজিল্যান্ডে আগে দিতে হতো ৪ দশমিক ৪৯ নিউজিল্যান্ড ডলার আর এখন দিতে হবে ৬ দশমিক ৪৯ নিউজিল্যান্ড ডলার।
সাবস্ক্রাইবাররা ‘আনডু সেন্ড’ নামে একটি ফিচারও পাবেন। এটা দিয়ে ব্যবহারকারী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টুইট নির্দিষ্ট উইন্ডো, কাস্টমাইজ আইকন ও নেভিগেশন বারে রাখতে পারবেন। সেই সঙ্গে এনএফটিতে প্রোফাইল পিকচার পরিবর্তন করা, টুইটার ব্লু পাবলিশার নেটওয়ার্কে অ্যাড ফ্রি আর্টিকেল পড়ার সুযোগ এবং এ নেটওয়ার্কে শেয়ার করা সেরা সব আর্টিকেল পড়ারও সুযোগ পাবেন সাবস্ক্রাইবার।
গত কয়েক মাসে সাবস্ক্রাইবারদের ই-মেইলের মাধ্যমে দামের এ পরিবর্তনের কথা জানিয়েছে টুইটার। যদিও অনেকে টুইটারের এ পদক্ষেপের বেশ সমালোচনা করেছেন।
গত জুনে কানাডা ও অস্ট্রেলিয়ায় টুইটার ব্লু চালু করে টুইটার। পরে নভেম্বরে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডে তা বিস্তৃত করে প্রতিষ্ঠানটি।
বিনিয়োগবার্তা/এসএল//