
নিজস্ব প্রতিবেদক: দেখলাম বিএনপি হারিকেন নিয়ে মিছিল করছে। আমার হঠাৎ মনে হল বিএনপির নির্বাচনী প্রতীক বদলে গেল নাকি। হারিকেন হয়ে গেল কিনা? আর জনগণ আশঙ্কায় আছে হারিকেন কখন আবার পেট্রোলে বোমা হয়ে যায়। কারণ তারা তো মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।
সম্প্রতি বিভিন্ন সভা সমাবেশে বিএনপি নেতা-কর্মীদের হারিকেন নিয়ে যোগ দেয়ার বিষয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমন মন্তব্য করেন।
শনিবার বেলা দেড়টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক। আমরা আশা করি, নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তবে নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে থাকবে না। ২০১৪ সালে ট্রেন যেমন কারও জন্য দাঁড়িয়ে ছিল না, ২০১৮ সালেও নির্বাচনের ট্রেন কারও জন্য দাঁড়িয়ে ছিল না। সুতরাং ২০২৪ সালের শুরুতে যে নির্বাচন হবে, সে নির্বাচনের ট্রেনও কারও জন্য দাঁড়িয়ে থাকবে না।
আগামী নির্বাচনেও আওয়ামী লীগের বিজয় নিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশ সুসংগঠিত। আমাদের দল তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে মূল্যায়ন করে। তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের আসনে বসানো হচ্ছে। দলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
২০০৪ সালের ২৩ নভেম্বর সর্বশেষ সম্মেলন হয় উপজেলাটিতে। এরপর দীর্ঘ ১৮ বছর পর সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনটির উদ্বোধন করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, কার্যনির্বাহী সদস্য আব্দুল আউয়াল শামীম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ তথ্যমন্ত্রীর নির্দেশে আগের কমিটি বিলুপ্ত করে আলাপ-আলোচনার মাধ্যমে কেন্দ্র এবং জেলা কমিটির মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি স্বল্প সময়ে ঘোষণা করা হবে বলে জানান।
বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//