Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 02 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি দেশে প্রকৃত গণতন্ত্র থাকলে সে দেশ এগিয়ে যায়। এর বাস্তব উদাহরণ হলো বাংলাদেশ। আর বাংলাদেশে আওয়ামী লীগই প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন করেছে।

গতকাল কৃষক লীগের স্বেচ্ছায় রক্ত ও প্লাজমাদান কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে মানুষ ভোট দিতে পারেনি। তাদের দলীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ব্যালট ছিনিয়ে নিত। তাদের নীতি ছিল এমন যে দলের সন্ত্রাসীরাই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরবে। সে সময় মানুষের ভোটের অধিকার ছিল না। আর এখন সেই বিএনপির কাছ থেকেও নির্বাচন নিয়ে কথা শুনতে হয়।

এ সময় বিএনপি ক্ষমতায় থেকে সাধারণ মানুষের জন্য কী করেছে সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বরং ১৯৯৬ সালে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যেসব উদ্যোগ নিয়েছিল, পরে ২০০১ সালে তারা ক্ষমতা গ্রহণের পর সেগুলো বন্ধ করে দেশকে আরো পিছিয়ে দেয়।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে বিএনপির হারিকেন আন্দোলনের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপি যা-ই করুক না কেন আওয়ামী লীগ দেশের মানুষকে নিরাপত্তা দিয়ে যাবে, তারা যেন ভালো থাকে সে ব্যবস্থা করবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এখন বিশ্বের সব দেশই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের দিকে নজর দিয়েছে। এ বিষয়টা সবার মাথায় রাখতে হবে। যখন উন্নত দেশগুলো বিদ্যুৎ নিয়ে হিমশিম খাচ্ছে তখন আমরা ভবিষ্যতের বিপদ রোধে আগাম ব্যবস্থা নিয়েছি, সাশ্রয়ী হয়েছি। সাশ্রয়ী হওয়ার অর্থ এই নয় যে এখান থেকে লুটপাট করছি। লুটপাট তো বিএনপিই করে গেছে। আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি। আর এর মাধ্যমে মাত্র ৩ বা সাড়ে ৩ হাজার মেগাওয়াট থেকে আজকে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি। প্রতিটি পয়সা কাজে লাগানোর কারণেই এ উৎপাদন বৃদ্ধি হয়েছে।

এ সময় নভেল করোনাভাইরাসজনিত মহামারীর অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বমন্দার বিভিন্ন চিত্র তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, কেবল বাংলাদেশ নয় সমগ্র বিশ্বেই অর্থনৈতিক মন্দা চলছে। এমনকি অনেক উন্নত দেশেও মন্দা চলছে। আমেরিকার মতো জায়গায় যেখানে ১ শতাংশ মূল্যস্ফীতি ছিল সেটা ৯ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসে ৯ দশমিক ৪ শতাংশ, জার্মানিসহ ইউরোপের বহু দেশে ৮ দশমিক ৯ শতাংশ হয়েছে। এতে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশে আমরা ৭ দশমিক ৫ শতাংশে আমাদের মূল্যস্ফীতি ধরে রাখতে সক্ষম হয়েছি।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বিনিয়োগবার্তা/ডিএফই//