Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 03 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শিল্পের উন্নয়নে আন্তর্জাতিক ও স্থানীয় মেলাগুলোতে খাতভিক্তিক প্রদর্শনী করার তা‌গিদ দি‌য়েছেন ব্যবসায়ী‌দের শীর্ষ সংগঠন এফবিসিসিআই‌য়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

বুধবার (৩ আগস্ট) এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড ফরেইন ডেলিগেশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ তাগিদ দেন তিনি।

ভার্চুয়ালি অংশ নিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, প্লাস্টিক, বস্ত্র, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি খাতের বিকাশে আন্তর্জাতিক প্রদর্শনীগুলো ভূমিকা রেখেছে। এর ফলে এক ছাদের নিচে বিশ্বের খ্যাতনামা যন্ত্র-যন্ত্রাংশ প্রস্তুতকারী ও বৈশ্বিক ক্রেতাদের সন্ধান পেয়ে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারা লাভবান হয়েছেন। একইভাবে সম্ভাবনাময় অন্যান্য খাতগুলোকে চিহ্নিত করে একই উদ্যোগ নেওয়ার জন্য স্ট্যান্ডিং কমিটির প্রতি আহ্বান জানান সভাপতি।

জসিম উদ্দিন আরও বলেন, সরকারের বিভিন্ন সংস্থা বিদেশে প্রদর্শনী ও রোড শোর আয়োজন করে। কিন্তু এসব উদ্যোগকে আরও কার্যকর করতে ওই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সংযুক্ত করা জরুরি।

সহ-সভাপতি ও কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. আমিন হেলালী বিদেশে আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ এবং আয়োজনের ক্ষেত্রে বেসরকারি খাতকে সংযুক্ত করতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতি আহ্বান জানান। এজন্য ইপিবি, বাণিজ্য মন্ত্রণালয় ও বেসরকারিখাতের সমন্বয়ে একটি কমিটি গঠনের পরামর্শও দেন তিনি।

করোনা মহামারির প্রভাব কাটিয়ে উঠতে নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণের আহ্বান জানান কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। বিদেশ থেকে অর্জিত অভিজ্ঞতা দেশীয় শিল্পের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে অপ্রচলিত পণ্য রপ্তানিতে জোর দেওয়া, বিদেশে প্রতিনিধিদলে প্রকৃত রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করা, খাতভিক্তিক প্রদর্শনীর জন্য বন্দর এলাকায় স্থানীয় বাণিজ্য মেলায় সরকারি জমি বরাদ্দ, বিভিন্ন ভৌগলিক নির্দেশক পণ্য যেমন জামদানি, ইলিশ মাছ রপ্তানিতে গুরুত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন, কো-চেয়ারম্যান মিজবাহুর রহমান ভুঁইয়া (রতন), লিয়াকত আলী ভুঁইয়া মিলন, নজরুল ইসলাম বাবুল, গোলাম সরোয়ার মিলন, মো. আলাউদ্দিন মানিক, ড. মাহবুব হাফিজ, মো. আমারত হোসেন সোহাগ, সাব্বির আহমেদ বকশী, আলিমুজ্জামান আলম, এফবিসিসিআইর পরিচালক হাফেজ হারুন, সাবেক পরিচালক মাহবুব ইসলাম রুনু, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//