Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 04 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার (৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি।

বুধবার (৩ আগস্ট) হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিচারপতিরা আগামী শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সুপ্রিম কোর্টের পতাকাবাহী নিজ নিজ সরকারি গাড়িতে পদ্মা সেতু দিয়ে ভাঙা হয়ে গোপালগঞ্জে পৌঁছাবেন। দুপুর ১২টায় তারা বঙ্গবন্ধু জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। দুপুর ২টায় গোপালগঞ্জ সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩টায় একই পথে ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ৩১ জুলাই এই ১১ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরই রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ বিষয়ে গেজেটের মাধ্যমে তা প্রকাশ করে আইন মন্ত্রণালয়। ওইদিন বিকেলে শপথগ্রহণের মধ্য দিয়ে তাদের এ নিয়োগ কার্যকর হয়।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ১১ বিচারপতি হলেন- পিআরএলে থাকা জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন এবং এ কে এম রবিউল হাসান।

বিনিয়োগবার্তা/ডিএফই//