Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 06 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়


নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও-সংক্রান্ত আপিল শুনানির রায় আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।


৫ আগস্ট, শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন শুনানি অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক উপস্থিত ছিলেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে দেশের বিভিন্ন স্তরের (স্কুল-কলেজ) এমপিওভুক্তির জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে অনলাইনে ১০ থেকে ৩১ অক্টোবর আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। এই সময়ে ৪ হাজার ৭২৯টি আবেদন জমা পড়ে বলে জানা যায়।

যাচাই-বাছাই শেষে এমপিওর জন্য মোট ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান যোগ্য হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য গত ৬ জুলাই আদেশ জারি করা হয়।

জমা পড়া আবেদনের অবশিষ্ট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে নীতিমালার ১৬.৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপিল আবেদনের সময়সীমা নির্ধারিত ছিল গত ২১ জুলাই।

সারা দেশ থেকে মোট ১ হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের আপিল আবেদন পাওয়া যায়। পরে শুনানিতে অংশ নেয় ১ হাজার ৫৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান। বাকি ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান আপিল শুনানিতে অনুপস্থিত থাকে।

বিনিয়োগর্বাতা/ কেএইচকে//