Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 07 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি বলেছেন, শোকের মাসে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের হারানোর শোকের সাথে ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়াকে হারানোর শোক জাতিকে আরো বেদনাতুর করে তুলেছে। জাতির পিতাকে হারানোর পর দেশের রাজনীতিতে অনেক বড় শূণ্যতা তৈরি হয়েছিল, মোঃ ফজলে রাব্বী মিয়ার মত বিজ্ঞ সংসদ সদস্যকে হারিয়ে সেই শূণ্যতা আরো বড় হল। দেশ, জনগণ, শিশু ও নিজ দায়িত্বের প্রতি তাঁর যে ভালোবাসা আমরা লক্ষ্য করেছি তা অবিস্মরণীয়। পরিবারের শত প্রতিকূলতার মাঝেও তিনি কখনো দায়িত্ব এড়িয়ে চলেন নি বরং বাংলাদেশের রাজনীতিতে জনগনের প্রতি তিনি ছিলেন নিবেদিত এক প্রাণ।

শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস কর্তৃক রোববার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত বাংলাদেশ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পীকার এডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি-র স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, সদ্য প্রয়াত বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি সংসদীয় দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের আগামীর ভবিষ্যৎ গড়ে দেয়ার জন্য শিশুর অধিকার নিয়ে সবসময় কাজ করেছেন। এছাড়া নারীর অধিকার, সামাজিক অধিকার, প্রতিবন্ধী ও সমাজের অবহেলিত শ্রেণীর উন্নয়নে নিজেকে সব সময় বিভিন্ন সংগঠনের সাথে নিয়োজিত রেখেছেন। এসকল মানুষের জন্য আত্মোৎসর্গই হচ্ছে তাদের প্রতি ফজলে রাব্বী মিয়ার সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, শামীম হায়দার পাটোয়ারি, রেজাউল করিম বাবলু,  খোদেজা নাসরিন আক্তার হোসেন, অপরাজিতা হক,  জাকিয়া তাবাসসুম প্রমুখ সংসদ সদস্যগণ ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম তাঁদের বক্তব্যে বলেন, ফজলে রাব্বী মিয়া বাংলাদেশের রাজনীতিতে ছিলেন একটি প্রতিষ্ঠান। একজন আদর্শ রাজনীতিবিদের প্রায় সকল গুণই তিনি ধারণ করতেন। তিনি শুধু সরকারি দলেরই নয়, বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিও তিনি ছিলেন সদয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন প্রয়াত ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি-র কন্যা ফারহানা রাব্বী রিপা, ব্যাক্তিগত সচিব আব্দুল মালেক, সুইড বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, স্ক্যান বাংলাদেশ,  এসকেএস সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//