
নিজস্ব প্রতিবেদক: রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের জন্য পাঁচজন নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ দেয়া হয়েছে। ‘ক’ শ্রেণিভুক্ত সর্বোচ্চ জাতীয় পদক এটি।
সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথান অতিথি হিসেবে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে পদকগুলো তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
পদকপ্রাপ্তরা হলেন- রাজনীতিতে সিলেট জেলার সৈয়দা জেবুন্নেছা হক, অর্থনীতিতে কুমিল্লা জেলার সংসদ সদস্য সেলিমা আহমাদ, শিক্ষা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য অধ্যাপক নাসরীন আহমাদ, সমাজসেবায় কিশোরগঞ্জ জেলার মোছা. আছিয়া আলম এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য (যুদ্ধকালীন কমান্ডার)।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিবস ৮ আগস্টকে সরকার ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//