Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 10 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

চট্টগ্রাম প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১০ বছরে দেশে ৯০ ভাগ কৃষি যান্ত্রিকীকরণ হয়েছে। এর ফলে কৃষিপণ্য রপ্তানি করে বছরে এক বিলিয়ন ডলারেরও বেশি উপার্জন হচ্ছে, ভবিষ্যতে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, আমাদের দেশে প্রতি বছরে ২০ থেকে ২২ লাখ মানুষ বাড়ে, প্রতি বছর কৃষিজমি কমে দুই লাখ একর। এর পরও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি এবং কৃষিপণ্য রপ্তানিও করছি। এই অভাবনীয় পরিবর্তন সম্ভব হয়েছে কৃষি যান্ত্রিকীকরণের ফলে।

বুধবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 'কৃষি প্রযুক্তি মেলা'র উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার।

ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশ কৃষি উৎপাদনের ক্ষেত্রে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সাফল্য দেখাতে পেরেছে, এটি অভাবনীয় এবং পুরো পৃথিবীর জন্য একটি উদাহরণ। বাংলাদেশ আয়তনের দিক দিয়ে পৃথিবীর ৯২তম দেশ; কিন্তু ধান ও মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ এবং আলু উৎপাদনে সপ্তম।

উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন খান, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএল//