
নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকারকে মূল্য দেন। সেজন্য তার নেতৃত্বে সরকার মানবাধিকারকে সবসময় সমুন্নত রাখবে। আইন দ্বারা মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার ব্যাপারে সচেষ্ট থাকবে।
রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পার্সনেলদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের পক্ষ থেকে প্রস্তাব পাঠালে সরকার অবশ্যই সেটা বিবেচনা করবে। এ বিষয়ে হাইকমিশনারকে আশ্বস্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে পররাষ্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং আইন ও বিচার বিভাগের প্রতিনিধিরা আছেন। তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের ‘বেস্ট প্রাকটিসগুলো’ নিয়ে আলাপ-আলোচনা করছেন। এ বিষয়ে একটি প্রতিবেদন এরই মধ্যে তার কাছে পৌঁছেছে।
এ সময় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএল//