Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবার আন্তর্জাতিক বাণিজ্যে ডলার কেনাবেচায় দামের ব্যবধান বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ এক টাকা বেশি দামে তা বিক্রি করতে পারবে। বিষয়টি পর্যবেক্ষণে রাখবে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া সমস্ত রপ্তানি আয় দ্রুত দেশে এনে নগদায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৪ আগস্ট)  অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সদস্য ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, আহমেদ জামাল, এ কে এম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাছের, বিএফআইইউয়ের প্রধান মাসুদ বিশ্বাস ও সংশ্লিষ্ট বিভাগের পরিচালকরা।

এবিবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সেলিম আর এফ হোসাইন এবং বাফেদার পক্ষে ছিলেন চেয়ারম্যান আতাউর রহমান প্রধান ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডলারের সংকট কাটিয়ে ওঠার জন্যই আজকের বৈঠক। কীভাবে বাজার স্থিতিশীল করা যায়, সেই বিষয়ে তাদের কাছ থেকে কিছু পরামর্শ নেয়া হয়েছে। আবার কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিছু নির্দেশনা দেয়া হয়েছে। তারা একমত হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বাজার স্থিতিশীল হয়ে যাবে।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক যে নির্দেশনা তাদেরকে দিয়েছে, তার মধ্যে একটি হলো- ব্যাংকগুলোকে তাদের রপ্তানি বিল দ্রুত দেশে এনে নগদায়ন করতে হবে। অন্যটি হলো- নিজেদের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন কার্যকর করা। আমদানি কমাতে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা ছিল, তা কার্যকর হচ্ছে। এরইমধ্যে ৩১ শতাংশ আমদানি কমেছে। আগামী দু-এক মাসের মধ্যে ডলারের বাজার স্থিতিশীল হয়ে যাবে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//