Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 21 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেছেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে চুড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে। এর ফলে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও প্যাটেন্ট আইনের কারণে অন্যান্য খাতের মতো ফার্মাসিউটিক্যালস খাতেও কিছু সুবিধা রহিত হবে। এসব বিষয় বিবেচনা করে সরকার একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট  (এপিআই) শিল্প পার্ক প্রকল্প বাস্তবায়ন করছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে ফার্মাসিউটিক্যালস খাতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবে।

শনিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বাস্তবায়নাধীন এপিআই শিল্প পার্ক প্রকল্প পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিসিক চেয়ারম্যান মাহবুব হেসেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আলম, এপিআই এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতারা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্প সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটি ক্ষেত্রে উৎপাদন বাড়ানো এবং আমদানি কমানোর চেষ্টা করছি। তাছাড়া এপিআই চালু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে।

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতারা শিল্প প্লটগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ শুরু করা, প্লটে মাটি ভরাট, সারচার্জ কমানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

শিল্প সচিব পার্কের প্লটগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে সময়াবদ্ধ পরিকল্পনা করে সম্পাদন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন। তিনি খুব দ্রুত সিইটিপি নির্মাণ কাজ শেষ করারও তাগিদ দেন।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//