
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা শুধু কাগজে-কলমে নয় বরং বাস্তবে নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রকল্পের ঠিকাদারকে নিরাপত্তা নিশ্চিত করেই কাজ চালাতে হবে। নিরাপত্তা ইস্যু নিয়ে দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মিটিং করতে হবে। নো সেফটি, নো ওয়ার্ক। নিরাপত্তা নিশ্চিত না হলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেবে।
তিনি সংশ্লিষ্টদের প্রতি প্রশ্ন রেখে বলেন, রাজধানীতে চলমান বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনার রেশ না কাটতেই শনিবার গাজীপুরে একই প্রকল্পের রড পড়ে একটি প্রাইভেট কারের ওপর। আর কত প্রাণ গেলে আমাদের টনক নড়বে?
রোববার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকরণে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন কার্যক্রম চলছে। উন্নয়ন প্রকল্প চলবে দুর্বার গতিতে। তবে উন্নয়ন প্রকল্পগুলোতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। নির্মাণ প্রকল্প এলাকার কমপ্লায়েন্স নিশ্চিত করেই কাজ চালাতে হবে। জনগণেকে কীভাবে নিরাপত্তা দেয়া যায়, জনগণকে কীভাবে সুবিধা দেয়া যায় আগে সেটি ভাবতে হবে। নিরাপত্তা ইস্যুতে টিম ওয়ার্ক করতে হবে। যারা ভারী কাজ করবে, বিশেষ করে যারা ক্রেন চালাবে তাদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এমনকি ডোপ টেস্টও করতে হবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম জানান, নিরাপত্তা নিশ্চিত না করে কোনো প্রকল্পের কাজ করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করে কাজ করলে কোনো সমস্যা হবে না। কিন্তু এর ব্যত্যয় করলে ব্যবস্থা নেয়া হবে। আমি যে কোনো সময় বিভিন্ন সাইটে পরিদর্শনে যাব, সঙ্গে আমাদের ম্যাজিস্ট্রেটরা যাবে। কোনো অনিয়ম পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় সমন্বয় সভায় অন্যান্যের সাথে এমআরটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার, রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, বিআরটি'র ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ. কে. এম মনির হোসেন পাঠান, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএল//