Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 22 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  রোহিঙ্গা সংকট পরিস্থিতি সরেজমিন দেখতে চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলীন হেইজার।

সোমবার বেলা ১২টার দিকে তি‌নি ঢাকার হযরত শাহজালাল (র:) আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছান।

এ সময় বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির।

জানা গেছে, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরত্ব বহন করছে। কেননা জাতিসংঘের মহাসচিবের দূত নিয়োগের পর সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসছেন।

সফরের শুরুতে তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন ও রা‌তে নৈশভোজে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে তাদের জীবনমান এবং দুঃখ-দুর্দশার কথা শুনবেন। একই দিন তিনি রিফিউজি, রিলিফ অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশনারের (আরআরআরসি) সঙ্গে বৈঠক করবেন।

পরদিন হেইজার ধানমন্ডির ৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখবেন। একই দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের শেষ দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এ দূত। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকটের ৫ বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//