Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তার পরও সবার কাছে গ্রহণযোগ্যতার একটা বিষয় আছে। সেই বিবেচনায় নির্বাচন যেন সুষ্ঠু হয় সেটি আমরা আশা করি। তাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা কাজ করছি। নির্বাচনে ভোট আয়োজন, গণনা ও ফলাফলে স্বচ্ছতা থাকা প্রয়োজন। কারা নির্বাচিত হবেন আর কারা সরকার গঠন করবেন সে সিদ্ধান্ত যাতে জনগণের হাতেই থাকে। নির্বাচনবিষয়ক যেকোনো বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা করবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্ন্যাস স্টাডিজ (সিজিএস) এবং জার্মান সংস্থা ফ্রিডরিক-ইবার্ট স্ট্রিফটাং (এফইএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ শীর্ষক এক সংলাপে এ মন্তব্য করেন তিনি। সংলাপ পরিচালনা করেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ সময় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার শুরু থেকেই যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা করে আসছে। মিয়ানমারকে বারবার চাপ দিচ্ছি আমরা রোহিঙ্গা সমস্যা সমাধান করতে। সংকট মোকাবেলায় আমরা আর্থিক সহায়তা দিয়ে আসছি। আগামী ৫ সেপ্টেম্বর অন্তত দুই লাখ কনজারভেটিভ সদস্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে তাদের নেতা নির্বাচন করবেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যে-ই হোক, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//