
নিজস্ব প্রতিবেদক: গার্মেন্ট ও টেক্সটাইল খাতের বিভিন্ন যন্ত্রপাতি ও পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চারদিন ব্যাপী ‘২১তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বিশ্বের ১২টি দেশের ৪৫০টি কম্পানি।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর ইআরএফ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম সংবাদ সম্মেলনে জানান, ২১তম টেক্সটেক বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনীটি চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনী সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই প্রদর্শনী চলাকালে একই সঙ্গে ‘১৮তম ঢাকা আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো’, সামার এডিশন এবং ৪০তম ডাই-ক্যাম বাংলাদেশ-২০২২ ইন্টারন্যাশনাল এক্সপো অনুষ্ঠিত হবে।
মেহেরুন এন ইসলাম বলেন, ‘গার্মেন্ট ও টেক্সটাইল শিল্পের জন্য অত্যাধুনিক ও নতুন প্রযুক্তি প্রদর্শনের জন্য এটি একটি ওয়ানস্টপ প্ল্যাটফরম হবে। গত ২০ বছরের মতো এবারও টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ‘টেক্সটেক’ বিজনেস টু বিজনেসের সুযোগ থাকছে। একই সঙ্গে ক্রেতা ও সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় মিটিং প্লেস হবে; প্রদর্শন ও সরাসরি ইন্টার্যাকশনের মাধ্যমে প্রদর্শকদের জন্য একটি ইন্টার্যাক্টিভ প্ল্যাটফরম তৈরি করবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ‘সেমস গ্লোবাল’ ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের গ্রুপ সিইও এস এস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ডিরেক্টর অভিষেক দাস প্রমুখ।
বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//