Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখায় প্রতিবছর দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুরস্কৃত করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন। এর ধারাবাহিকতায় চলতি বছরের জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২২ প্রদানের লক্ষ্যে উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়েছে সংস্থাটি।

দেশের বিভিন্ন অঞ্চলের সফল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে এ পুরস্কার দেওয়া হবে। যারা কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন কিংবা সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা উন্নয়নে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদেরকে এ পুরস্কারে মনোনীত করা হবে।

এসএমই ফাউন্ডেশনের তথ্য মতে, শুধু উৎপাদন ও সেবামূলক ব্যবসার সঙ্গে যুক্ত উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। ট্রেডিং বা আমদানি ব্যবসা করেন এমন উদ্যোক্তারা আবেদন করতে পারবেন না। আগ্রহী উদ্যোক্তা তাঁর মালিকানাধীন সুনির্দিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের বিপরীতে আবেদন করবেন। আর অংশীদারি ব্যবসা হলে অন্য সহযোগীদের সম্মতিপত্র জমা দিতে হবে। একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এমন উদ্যোক্তা যেকোনো একটি প্রতিষ্ঠানের বিপরীতে আবেদন করতে পারবেন।

এরই মধ্যে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২২-এর জন্য সারা দেশের উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী উদ্যোক্তারা প্রতিজন যে কোনো একটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।

আবেদনপত্রসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেইজে।

এছাড়া এসএমই ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনের (জহির স্মার্ট টাওয়ার, ২০৫/১/এ, বেগম রোকেয়া সরণি, ঢাকা) প্রধান কার্যালয় থেকেও এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।


বিনিয়োগবার্তা/কেএইচকে//